অপেক্ষায় থাকতে হচ্ছে জাপানকে

প্রথম দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে জর্দানের বিরুদ্ধে জাপানের দরকার ছিল মাত্র একটি পয়েন্ট। কিন্তু আম্মানে গত মঙ্গলবারের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে তারা হেরে গেছে ২-১ গোলে। ফলে ব্রাজিলের টিকিট পাওয়ার জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে তাদের। চারটি জয় এবং একটি ড্র নিয়ে ফেভারিট হিসেবেই আম্মানে গিয়েছিল জাপান। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থাকা দলটির শীর্ষস্থানও ছিল সুসংহত। তবে জর্দানের বিরুদ্ধে এই পরাজয়ের পরও তারা এখনো শীর্ষে থাকলেও অস্ট্রেলিয়া, ওমান এবং ইরাককে টপকে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জর্দান। খলিল বানি আতিয়াহ প্রথমার্ধের অতিরিক্ত সময় কর্নার থেকে উড়ে আসা বলকে হেড করে জালে জড়িয়ে দিলে ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পরপরই সমতায় ফিরতে পারতো জাপান। সিনঝি ওকাজাকি সমতা ফেরানোর সহজ সুযোগ হাতছাড়া করেন। এর কিছুক্ষণ পরই সফরকারীদের স্তব্ধ করে দিয়ে ৬১ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন আহমেদ ইব্রাহিম (২-০)। জাপানের অর্ধে বল পেয়ে মাঠের ডান প্রান্ত ধরে এগিয়ে যান তিনি। এরপর ডিফেন্ডার মায়া ইয়োশিদার বাধা টপকে বল পৌঁছে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। তবে স্বাগতিকদের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী থাকেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার শিনঝি কাগাওয়ার গোলে ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান কমায় এশিয়ার পরাশক্তি জাপান। এর পরপরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগটি হারায় জাপান। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন জাপানের ইয়োশিতো এনডু। দিনের অন্য ম্যাচগুলোয় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারায় কাতারকে। আর লেবাননকে একমাত্র গোলে হারিয়ে এ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে উজবেকিস্তান।