জোকোভিচের বিদায়

শিরোপাধারী নোভাক জোকোভিচকে হারিয়ে সনি ওপেনে চতুর্থ রাউন্ডে অঘটনের জন্ম দিলেন টমি হাস। শেষ আটে যাওয়ার লড়াইয়ে গত মঙ্গলবার রাতে হাস ৬-২,৬-৪ গেমে হারান বিশ্বের এক নাম্বার খেলোয়াড়টিকে। সনি ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচকে হারানোর পরে আনন্দে উদ্বেলিত হাস ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘নোভাকের (জোকাভিচ) মতো একজনের বিরুদ্ধে খেলা এবং সেরা হিসেবে বেরিয়ে আসা, তাও আবার আমার ক্যারিয়ারের এমন একটা সময়ে! একেবারেই অবিশ্বাস্য। সত্যি বলতে কি এই মুহূর্তগুলোর জন্যই আমি খেলে যাচ্ছি।’ এই জয়ের ফলে কি বিসকেইনে জোকোভিচের ১৪ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়লো। পক্ষান্তরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোন প্রতিপক্ষের বিরুদ্ধে জিতলেন নিজের পঁয়ত্রিশ জন্মদিন থেকে আট দিন দূরে থাকা হাস। ১৯৯৯ সালে আগাসিকে হারিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচগুলোসহ টানা ২২ ম্যাচে জেতার পরে নিজের সর্বশেষ চারটি ম্যাচের দুটিতেই হারলেন সার্বিয়ান সুপারস্টার জোকোভিচ। তবে এ ম্যাচে হারের জন্য নিজেকে মোটেই দুষছেন না তিনি। বরং প্রতিপক্ষকেই দিলেন ম্যাচ জয়ের শতভাগ কৃতিত্ব,‘সত্যিকার অর্থে টমিই কৃতিত্বের দাবিদার। সে অসাধারণ একটা ম্যাচ খেলেছে এবং কোর্টে সেই ছিল সেরা। যোগ্য খেলোয়াড় হিসেবেই সে জয় পেয়েছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’ গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোন বিশ্বসেরাকে হারানোর পরে হাস প্রথমবারের মতো সনি ওপেনের শেষ আটে পা রাখলেন। সেখানে তার প্রতিপক্ষ হবেন ফ্রান্সের গিলস সাইমন। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সাইমন র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা জ্যাঙ্কো টিপসেয়ারভিচকে হারিয়েছেন ৫-৭,৬-২,৬-২ গেমে। জোকোভিচের পরাজয়ে শিরোপা জয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে গেল অ্যান্ডি মারের জন্য। আন্দ্রেস সিপ্পিকে ৬-২,৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। সেখানে তিনি খেলবেন মারিন চিলিসের বিরুদ্ধে। চতুর্থ রাউন্ডে চিলিস ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৭-৫,৭-৬ (৪) গেমে হারিয়েছেন। শেষ আট নিশ্চিত করেছেন টুর্নামেন্টের তৃতীয় এবং চতুর্থ বাছাই ডেভিড ফেরার এবং টমাস বার্ডিচও। এদিকে লি নাকে ৬-৩,৭-৬ (৫) গেমে হারিয়ে মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে পৌঁছাতে হলে শেষ চারে শিরোপাধারী অগনেইস্কা রাদওয়ানস্কার বাধা টপকাতে হবে তাকে। শেষ আটে কারস্টেন ফ্লিপকিন্সকে ৪-৬,৬-৪,৬-২ গেমে হারিয়েছেন তিনি।