মৌলভীবাজার চেম্বার কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

পৌর সুপার কিংস চ্যাম্পিয়ন

মৌলভীবাজারে চেম্বার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বড়লেখা প্লেয়ারস অ্যাসোসিয়েশন একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘পৌর সুপার কিংস মৌলভীবাজার’ দল। মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ফাইনালটি। এতে টসে জিতে ব্যাটিং নেয়া বড়লেখা প্লেয়ারস অ্যাসোসিয়েশন দল ১৯.৪ ওভারে ১২১ রানে অলআউট হয়। আরিফ ২২ ও আরমান ১৮ রান করেন। পৌর সুপার কিংসের সৌরভ চার ওভারে ২০ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। জবাবে এজাজের অপরাজিত ৬৫ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পৌর সুপার কিংস দল। এজাজ চারটি করে ছয় ও চারের মারে মাত্র ৪৬ বলে রানগুলো করে ‘ম্যান অব দ্য ফাইনাল’ হন। হাতের আঙ্গুলে ইনজুরির কারণে ব্যাট করতে নামেননি অলক কাপালি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবক রাগীব আলী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামাল হোসেনসহ চেম্বারের অন্য পরিচালকবৃন্দ।