বাংলাদেশ এলডিসি তালিকা থেকে দ্রুত বেরিয়ে আসবে

উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র্যাংকিং বদলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ সভায় তিনি এ কথা বলেন। ঢাকায় পাওয়া খবরে এ তথ্য জানা যায়। বান কি মুন বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অর্জন গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নে নেতৃস্থানীয় এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশটির দারুণ অগ্রগতি দেখা যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব আরো বলেন, শিক্ষা, মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ, জনসেবার উন্নয়ন যেমন স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রেও দেশটি ভালো করেছে। এছাড়া ক্ষুদ্রঋণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশটি অগ্রদূত হিসেবে ভূমিকা রেখেছে, এর অর্থনীতি ক্রমেই উন্নতি লাভ করছে। এসব কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে শিগগির উন্নতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার বিষয়টি উল্লেখ করে বান কি মুন বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ গ্রহণকারী দেশটির মহিলা পুলিশের কার্যক্রমে আমি নিজেও গর্বিত। তবে জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক বৈষম্য, খাদ্য ও বিদ্যুত্ মূল্যের ঊর্ধ্বগতি এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কিছু চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের সামনে।