আগামীতে র্যাব আরো গতিসম্পন্ন হবে

জঙ্গি দমন, সন্ত্রাসী গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে আগামী দিনের র্যাব হবে আরো গতিসম্পন্ন। প্রযুক্তিনির্ভর ইউনিট রয়েছে যেমন ফরেনসিক ল্যাব, বোম স্কোয়াড ও কমিউনিকেশন শাখাকে বিশেষায়িত টিম হিসাবে আরো আধুনিকায়ন করা হচ্ছে। মঙ্গলবার র্যাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টায় উত্তরায় র্যাব সদর দফতরে প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। পরে সেখানে এক দরবার বৈঠক অনুষ্ঠিত হয়। র্যাব মহাপরিচালক বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গি দমনে র্যাবের সাফল্য আরো বাড়াতে হবে। সন্ত্রাস দমনে র্যাবকে আগামী দিনের আরো চ্যালেঞ্জ হাতে নিতে হবে। র্যাব সদস্যরা যে মানবাধিকার প্রশিক্ষণ নিয়েছে-তা বর্তমান সমাজে তাদের সন্ত্রাস বিরোধী অভিযানে কাজে লাগাতে হবে। দরবার বৈঠকে র্যাব মহাপরিচালক ছাড়াও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মুজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমেদ, গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান, লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও ঢাকার ৫টি ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।