২০১২ সালে মাইক্রোসফটের কাছে লক্ষাধিক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিভিন্ন দেশের পুলিশ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ১৯:০৩
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই তাদের গ্রাহকদের তথ্য জানার জন্য অনুরোধ করে থাকে। ইতোপূর্বেই গুগল বা টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোও এ সংক্রান্ত তথ্য জানিয়েছে। এবারে টেক জায়ান্ট মাইক্রোসফটও জানিয়েছে, বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাছে বিভিন্ন গ্রাহকের বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছে। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, ২০১২ সালে সারা বিশ্ব থেকে তারা প্রায় ৭৫ হাজার অনুরোধ পেয়েছে গ্রাহকদের তথ্য প্রদানের জন্য। আর এসব তথ্য চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র পুলিশ। ৭৫ হাজার অনুরোধের মধ্যে মাইক্রোসফট পরিচালিত বিভিন্ন সার্ভিসের লক্ষাধিক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফটের কাছে বিভিন্ন দেশের পুলিশ কর্তৃপক্ষের তথ্য চাওয়া সংক্রান্ত রিপোর্ট এই প্রথমবারের মতো প্রকাশ করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইটে ‘২০১২ ল এনফোর্সমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ নামে এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। http://goo.gl/hw2nt লিংকে গেলে পাওয়া যাবে এই প্রতিবেদনটি। এতে তারা জানিয়েছে, মাইক্রোসফট সবসময়ই স্বচ্ছতায় বিশ্বাসী। তারা সবসময়ই গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে এসেছে এবং তা নিশ্চিত করতে এ সংক্রান্ত নীতিমালাও তারা সময়ের সাথে সাথে পরিবর্তন করে এসেছে। আবার সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথেও তারা যথাসম্ভব সহযোগিতা প্রদান করে আসছে। নিজেদের স্বচ্ছতা নিশ্চিত রাখতেই তারা তাদের কাছে যেসব অনুরোধ এসেছে, তার তথ্য প্রদান করেছে এই প্রতিবেদনে। তাদের হটমেইল, আউটলুক, স্কাইড্রাইভ, এক্সবক্স লাইভ, মাইক্রোসফট অ্যাকাউন্ট, ম্যাসেঞ্জার, অফিস ৩৬৫ এবং অন্যান্য সার্ভিসের অ্যাকাউন্টের তথ্য জানতে জানতে চেয়েছে বিভিন্ন দেশের পুলিশ বাহিনী। মাইক্রোসফটের কাছে আসা অনুরোধের বেশিরভাগই ছিল লগ-ইন নাম, আইপি ঠিকানার মতো মৌলিক তথ্যের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্স থেকে এসব অনুরোধের পরিমাণ ছিল বেশি। এর বাইরে অ্যাকাউন্টের বিভিন্ন কনটেন্ট সংক্রান্ত তথ্য চাওয়ার পরিমাণ ছিল মাত্র ২.১% এবং এর বেশিরভাগ অনুরোধই আবার এসেছে যুক্তরাষ্ট্র পুলিশের পক্ষ থেকে। এই প্রতিবেদন প্রকাশের পর মাইক্রোসফট জানিয়েছে, এখন থেকে তারা ৬ মাস পরপর এই তালিকা হালনাগাদ করবে।