অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয়ে সত্যেন সেনের জন্মদিন পালন
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২২:০২
সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে উদীচী আজীবন লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১০৬তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন আয়োজিত উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
সত্যেন সেনের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, শামসুজ্জামান খান, মালেকা বেগম, হায়দার আকবর খান রনো, ড. রফিকুল্লাহ খান, হেলেন করিম, ফকির আলমগীর ও রেজাউল করিম সিদ্দিক রানা। সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি কামাল লোহানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
কামাল লোহানী বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বহু বছরের লড়াই-সংগ্রাম ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে দেশের সর্ববৃহত্ গণসাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সত্যেন সেনের উদীচী। আলোচনা সভা সঞ্চালনা করেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে একক ও দলীয়ভাবে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এছাড়াও দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি, বহ্নিশিখা, গ্রহস্বর এবং সাংস্কৃতিক ইউনিয়ন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান “আনন্দধারা বহিছে ভুবনে”-এর সাথে নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। পরিবেশিত হয় নৃত্যালেখ্য “ঠিকানা”। এছাড়া, আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু এবং উদীচীর সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।