দুই সন্তান ও স্ত্রীর পর গৃহকর্তার মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট রাজধানীর কাফরুলে টেলিভিশন বিস্ফোরণের ঘটনায় দুই সন্তান ও মায়ের পর এবার মারা গেলেন গৃহকর্তা মোতাহার আলী। বৃহস্পতিবার বেলা ১২টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামের স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। আইয়ুব মোল্লা নামে তার এক নিকটাত্মীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২১ মার্চ রাত আড়াইটার দিকে মিরপুর-১৩ নম্বরে সি-ব্লকের ৬ নম্বর লেনের ২২ নম্বর একতলা টিনশেড বাড়ির এক কক্ষ বিশিষ্ট বাসায় টেলিভিশনে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরণ ঘটে। এরপর তা থেকে আগুন লাগলে ঐ বাসায় বসবাসকারী কাপড় বিক্রেতা মোতাহার ও তার স্ত্রী,সন্তানরা অগ্নিদগ্ধ হন। ঘটনার পরই মোতাহারের শিশুসন্তান মারুফ মারা যায় এবং চিকিত্সাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় মেয়ে বৃষ্টির (১১) ও মঙ্গলবার মারা যান তাদের মা জোসনা বেগম। পরিবারের তিন সদস্য মারা যাওয়ার পর মোতাহারের নিকটাত্মীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট থেকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামে নিয়ে যায়। সেখানকার এক হাসপাতালে তার চিকিত্সা চলছিল। বৃহস্পতিবার ঐ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে পরিবারের একমাত্র জীবিত সদস্য মোতাহার-জোসনা দম্পতির সন্তান রাব্বি গোপালগঞ্জে নানার বাড়ি থাকার কারণে বেঁচে যায়।