বাংলাদেশ কমিটি অব দি হিউম্যান রাইটস অব এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য নির্বাচিত

বাসস ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১২৮তম সাধারণ সভার সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সর্বসম্মতিক্রমে এশিয়া প্যাসিফিক গ্রুপের সংসদ সদস্যগণের মানবাধিকার কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এশিয়া প্যাসিফিক গ্রুপ বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রার্থিতা পেশ করলে ২৭ মার্চ সকালের অধিবেশনে সাধারণ সভা সর্বসম্মতিক্রমে তাকে কমিটি অন দ্যা হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস অব এশিয়া প্যাসিফিক গ্রুপ-এর সদস্য হিসেবে নির্বাচিত করে। গত ২২ থেকে ২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ সাধারণ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল যোগদান করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে তোফায়েল আহমেদ, হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ সাগুফতা ইয়াসমিন, এবিএম ফজলে করিম চৌধুরী, মো. আব্দুছ ছাত্তার, মেহের আফরোজ, এনামুল হক, আনিছুল ইসলাম মণ্ডল এবং জাতীয় সংসদের সচিব মো. মাহফুজুর রহমান রয়েছেন। গতকাল সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।