পোপের সম্মানে ম্যাচ !
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২২:২৩
লিওনেল মেসির আর্জেন্টিনা নবনির্বাচিত পোপ ফ্রান্সিসের সম্মানে মারিও বালোতেল্লির ইতালির সাথে প্রীতি ম্যাচ খেলবে। এমন কিছুই দেখতে চাইছেন ইতালির কোচ সিজার প্রানদেল্লি।
বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে মাল্টার বিপক্ষে গত মঙ্গলবার ইতালি ২-০ গোলে জয় তুলে নেয়। এই ম্যাচের একদিন পর গত বুধবার প্রানদেল্লি বলেন,‘আমরা সকল সেরা জাতীয় দলের সাথে প্রীতি ম্যাচ খেলেছি। শুধু আর্জেন্টিনার সাথে হয়নি। যদি আমরা এটা আয়োজন করতে পারি,তবে খুবই সুন্দর হবে পোপ দর্শক হিসেবে থাকলে। যিনি বুয়েন্স আয়ার্স থেকে এসেছেন এবং ফুটবল ভালোবাসেন। তারপর এক বাসে করে দুই দল স্টেডিয়ামে যাওয়া। আমার কাছে এর চেয়ে ভাল স্বপ্ন আর কি হতে পারে।’
প্রকল্পিত এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে রোমের স্টেডিও অলিম্পিকোতে। ভ্যাটিকান সিটি স্টেডিয়াম থেকে খুবই কাছে। ইতালি এই ম্যাচটি আগস্টে খেলতে পারে। আন্তর্জাতিক ক্রীড়াসূচি এই সময়ে বাধা সৃষ্টি করছে না।
ইতালি ও আর্জেন্টিনা সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিলো ২০০১ সালে। এরপর দুই দল আর মুখোমুখি হয়নি। রোমে সে বছর ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয় তুলে নিতে সক্ষম হয়েছিল। এর আগে নেপলসে ১৯৯০ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা স্বাগতিক ইতালিকে নাটকীয়ভাবে পেনাল্টি গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল।