বিরল এক নজিরের সামনে মেসি
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:০০
বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি।
সেল্টা ভিগোর বিপক্ষে আজ শনিবার স্প্যানিশ লিগের খেলায় গোল করলেই অনন্য এই রেকর্ডের অধিকারী হবেন বার্সেলোনার তারকা মেসি। আর্জেন্টিনার এই ফুটবলার হবেন প্রথম খেলোয়াড় যিনি এক মৌসুমে স্প্যানিশ লিগের প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে একে একে গোল করেছেন।
বার্সেলোনার সর্বকালের হিসাবে সবচাইতে বেশি গোলের মালিক মেসি গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৭৩ গোল। চলতি মৌসুমের এখনো অনেক সময় রয়েছে এবং এরই মধ্যে ৫৫ গোল করেছেন তিনি।
মেসি ইতিমধ্যে রেকর্ডের মধ্য দিয়ে চলেছেন। টানা ১৮ লিগ ম্যাচে গোল করেছেন তিনি। লিগে মেসির গোল করতে না পারার সর্বশেষ ঘটনা ছিল গত বছরের ৩ নভেম্বর। বার্সেলোনা ওই ম্যাচে মেসির গোল ছাড়াই ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় সেল্টার বিপক্ষে। এরপর মেসি আর থামেননি। প্রতিটি লিগ ম্যাচেই গোল করে যাচ্ছেন।
স্প্যানিশ লিগের সূচি সাজানো হয়েছে ধারাবাহিকভাবেই। একটি দল আরেকটি দলের সাথে লড়াই করছে সারি মেনে। সেল্টার বিপক্ষে সে ম্যাচে মেসি গোল করতে পারেননি। কিন্তু পরে লিগে স্পেনের প্রতিটি দলের বিপক্ষে তিনি গোল করেছেন। সেই ম্যাচের পর মেসি ২৮ গোল করেছেন। ২৮ রাউন্ডের খেলা শেষে মেসির গোল এখন ৪২টি। গত মৌসুমে লিগে ৫০ গোল করে মেসি রেকর্ড গড়েছিলেন। চলতি মৌসুমে আরো দশটি ম্যাচ বাকি রয়েছে। আরো ভাল করার সুযোগ রয়েছে মেসির।
বর্তমানে ২৫ বছর বয়সী মেসি গত বছরের নভেম্বরেই মায়োর্কার বিপক্ষে জোড়া গোল করেন এবং বার্সেলোনা ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। শুরু হলো মেসির গোল যাত্রা! দশ ম্যাচ পর মেসি নতুন মাইলফলকে পা রাখেন। চলতি বছরের ২৭ জানুয়ারি ওসাসুনার বিপক্ষে মেসি একাই চার গোল করলে বার্সেলোনা ৫-১ ব্যবধানে জয় তুলে নেয়। এমন কৃতিত্ব এর আগে দেখিয়েছিলেন বার্সেলোনার মারিয়ানো মার্টিন (১৯৪২-৪৩) এবং মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো (১৯৯৬-৯৭)।
সেল্টার সময়টা ভালো যাচ্ছে না। লিগের পয়েন্ট টেবিলে তারা নিচের থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং আগের দশ ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। এছাড়া স্ট্রাইকার ইয়াগো আসপাস নিষেধাজ্ঞার জন্য খেলতে পারছেন না। বার্সেলোনার চ্যালেঞ্জ হচ্ছে বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলের ম্যাচ খেলে এসেছে। আবার ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে।
বার্সেলোনা আশা করবে অন্ততপক্ষে আর কেউ ইনজুরিগ্রস্ত হবে না। বিশেষ করে রক্ষণভাগে, কারণ কার্লোস পুয়ল ও আদ্রিয়ানো ইনজুরিতে আছেন। জর্দি আলবা গত শুক্রবারে ফিনল্যান্ডের ম্যাচে ইনজুরিতে পড়েন। এছাড়া বার্সেলোনা পেদ্রো রড্রিগুইজকে হারিয়েছে পায়ের ইনজুরির জন্য।
বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা নিউইয়র্ক থেকে গত সপ্তাহে স্পেনে পৌঁছেছেন। ক্যান্সারের চিকিত্সার জন্য তিনি দশ সপ্তাহ যুক্তরাষ্ট্রে ছিলেন। ক্লাব জানিয়েছে, তিনি ধীরে ধীরে দলের হাল ধরবেন। আর তাই আজ ব্যালাইডোস স্টেডিয়ামে দায়িত্বে থাকতে পারেন সহকারী কোচ জর্দি রৌরা।
রিয়াল মাদ্রিদ এবং মালাগাও আজ মাঠে নামছে। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ক্লাব ফুটবলে ফিরেছেন খেলোয়াড়রা। আর ঘরোয়া লিগের মধ্য দিয়ে তারা ঝালিয়ে নেবেন চলতি সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলাগুলোর কথা মাথায় রেখে।
শীর্ষে থাকা বার্সেলোনা লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অংশগ্রহণ করতে প্যারিসে যাবে বার্সেলোনা। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অপেক্ষা করছে তাদের জন্য। বার্সেলোনার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান তেল্লো মনে করেন, পিএসজি কঠিন প্রতিপক্ষ। এ প্রসঙ্গে তেল্লো বলেন, ‘পিএসজি হতে পারে কঠিন প্রতিপক্ষ। দলটি আক্রমণ ও রক্ষণভাগে সেরা।’
রিয়াল মাদ্রিদ এ রাউন্ডে খেলতে যাবে রিয়াল জারাগোজার মাঠে। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যূতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুরস্কের দল গালাতাসারায় খেলতে আসবে। আজকের লিগ ম্যাচটি প্রস্তুতিমূলক হতে পারে কোচ হোসে মরিনহোর দলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে ওইদিনই মালাগা জার্মান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে। স্বাগতিক রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে আজ মালাগা।
লা লিগায় আজ শনিবার
রায়ো ভায়েকানো মালাগা
সেল্টা ভিগো বার্সেলোনা
রিয়াল জারাগোজা রিয়াল মাদ্রিদ
লেভান্তে সেভিয়া