চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, পেলেন অর্থ পুরস্কার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:১৯

চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে অবিশ্বাস্য সেই ক্যাচটি ধরেছিলেন পাকিস্তানের এক সাধারণ পথচারী। এবার জানা গেছে, আলোচিত সেই ব্যক্তির নাম মেহরান খান।

পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে দেশটির মিঙ্গোরা শহরে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। ম্যাচে ব্যাটার আব্রার লালা বিশাল এক ছক্কা হাঁকালে বলটি মাঠের বাইরে গিয়ে চলন্ত মোটরসাইকেলে থাকা মেহরান খানের দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যে এক হাতে বলটি তালুবন্দী করেন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ক্যাচটি ধরার অভিজ্ঞতা নিয়ে বিবিসিকে মেহরান বলেন, ‘সত্যি বলতে ক্যাচটা আমি যে নিতে পারব, তা ভাবিনি।’

মেহরান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে অবিশ্বাস্য ক্যাচটি নেন। মেহরান বলেন, ‘আমি ক্রিকেটের ভক্ত। নিজেও ক্রিকেট খেলি এবং খেলা দেখি। দেখলাম, আব্রার লালা ক্রিজে আছে। এরপর সে ছক্কা মারল। আমি বন্ধুকে বললাম, মাথা নিচু করো, আমি ক্যাচটি ধরব। এরপর বলটি ধরে ফেললাম।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বলটি যে সত্যিই ধরতে পারব, তা ভাবিনি। মনে করেছিলাম, বলটি আশপাশের কোথাও পড়ে যাবে। তবে আল্লাহর রহমতে ক্যাচটি নিতে পেরেছি।’

অবিশ্বাস্য এই ক্যাচের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টের আয়োজকেরা মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার টাকা। পুরস্কারের অর্থের জোগান দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে, ক্যাচের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ায় নিজেও বিস্মিত হয়েছেন বলে জানান মেহরান। তিনি বলেন, ‘ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। অথচ আমি বিষয়টি জানতামই না।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BBC Cricket (@bbccricket)

ইত্তেফাক/জেডএইচ