রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় বঙ্গভবন জামে মসজিদে মিলাদ মাহফিল
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২১:২২
সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে গতকাল বাদ জুম্মা বঙ্গভবন জামে মসজিদ এবং বঙ্গভবনস্থ পৃথক দুটি স্টাফ কোয়ার্টার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত রাষ্ট্রপতির পুত্র সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনসহ বঙ্গভবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় দেশের অব্যাহত কল্যাণ ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ, জাতীয় চার নেতা এবং বিশিষ্ট নারী নেত্রী আইভী রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও অস্থায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বঙ্গভবনস্থ অপর দুটি স্টাফ কোয়ার্টার মসজিদেও বাদ জুম্মা প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।