সোনাই নদীতে বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবিতে সমাবেশ

সোনাই নদীর প্রবাহ বন্ধ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রীন ভয়েস-এর যৌথ উদ্যোগে নাগরিক সমাবেশ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, শরীফ জামিল ও আলমগীর কবির, সুন্দর জীবনের চেয়ারম্যান এম সিরাজুল ইসলাম মোল্লা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, বাপার জাতীয় পরিষদ সদস্য ড. আব্দুল হাই মজুমদার, গ্রীন ভয়েস টিচার্স ট্রেনিং কলেজের আহবায়ক আবদুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, বিগত ২০১১ সালে মাধবপুর পৌর প্রশাসনের সংশ্লিষ্টতায় সোনাই নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত করে নদীর এক বিশাল অংশে একটি বাণিজ্যিক পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণকারীদের নিকট বুঝিয়ে দেয়া হয়। তখন থেকেই বাপা স্থানীয়ভাবে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি সরকারি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়ে আসছে। বক্তারা অবিলম্বে সোনাই নদীর মাঝখানে বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়া বন্ধ করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, সোনাই নদীসহ হবিগঞ্জে সকল নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করা, নদী দখলকারীদের আইনের আওতায় আনাসহ চার দফা দাবি জানিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি