আসছে শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দল

জাতীয় দলের পর এবার শ্রীলংকার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। দেশের মাটিতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে স্বাগতিকরা খেলবে দুটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ। তিন সপ্তাহের সফরে শ্রীলংকা যুবরা ঢাকায় আসছে আগামী ৭ এপ্রিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ৯ এপ্রিল। ১৫ এপ্রিল সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। চারদিনের ম্যাচ শেষে এই মাঠে প্রথম দুটি ওয়ানডে’র পর মিরপুরে অনুষ্ঠিত হবে শেষ তিনটি ওয়ানডে ম্যাচ। আগামী বছর মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপকে সামনে রেখে গড়ে তোলা হয়েছে সিলেটের বিভাগীয় স্টেডিয়াম। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে হোম সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ সর্বশেষ সিরিজ খেলেছে ২০০৯ সালে। তবে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ দেখা হয়েছিল তাদের। ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে শ্রীলংকার তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। এ পর্যন্ত ২৩ বার সাক্ষাতে ১৪টি ম্যাচ জয় পেয়েছে তারা। আর চারটি চারদিনের ম্যাচে মাত্র একটি হেরেছে তারা, বাকি তিনটি ম্যাচেই ড্র করেছে বাংলাদেশ।