দোষটা বোলারদের দিচ্ছেন ম্যাথুস
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২১:৪১
শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টাকে চাইলে অনেকে একটু খাটো করে দেখতে পারেন। বলতে পারেন বৃষ্টি আর ডার্কওয়ার্থ লুইস পদ্ধতির কারণে জিতেছে বাংলাদেশ! কিন্তু অ্যাঞ্জোলো ম্যাথুস এই অজুহাত খোঁজা লোকদের দলে নন। তিনি পরিষ্কার বলে দিলেন বৃষ্টির পরও জয়ের ভালো সুযোগ ছিল তার দলের সামনে। কিন্তু স্নায়ুবিক লড়াইয়ের এই সময়টায় তার বোলারদের ব্যর্থতা আর বাংলাদেশি ব্যাটসম্যানদের দৃঢ়তা শ্রীলঙ্কাকে জয় পেতে দেয়নি বলে বলছেন শ্রীলঙ্কার তরুণ এই অধিনায়ক।
ম্যাথুস বলছেন, ব্যাটসম্যানরা বিশেষ করে তিলকরত্নে দিলশান তাদের জয়ের মতো পুঁজিই দিয়ে গিয়েছিলেন। তারপরও পরাজয়ের কারণ বলছেন, ‘ডিএল পদ্ধতি’ সবসময়ই জটিল। কিন্তু এই পদ্ধতিতে যে লক্ষ্য ছিল, তাতে আমাদের জয়ের ভালোই সম্ভাবনা ছিল। কিন্তু নার্ভাস এই সময়টাতে আমাদের বোলাররা ভালো বল করতে পারেনি।’ এমনকি ৫০ ওভার খেলা হলেই যে বাংলাদেশের ওপর চেপে বসা যেত, তাও বলছেন না ম্যাথুস, ‘হ্যা, ৫০ ওভার খেলা হলে হয়তো অন্যরকম কিছু হত। তখন বাংলাদেশের ব্যাটসম্যানরাও এতো তাড়াহুড়ো করত না। সেক্ষেত্রেও আমাদের ভালো বোলিং করতে হত। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব প্রাপ্য।’