রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন

রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক গোলাম রসুল এই রায়ের আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু পীরগঞ্জের ধাপেরহাট বাজার থেকে সার ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করেন। রাত ৮টার দিকে পীরগঞ্জ বন্দরে মোটরসাইকেলযোগে ফেরার পথে খেজমতপুর বাজারের কাছে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেল পথরোধ করে তাদের হাতে থাকা রামদা দিয়ে সার ব্যাবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। তদন্তকালে পুলিশ ৭ আসামিকে গ্রেফতার করে।

এদের মধ্যে দুই আসামি সার ব্যবসায়ী বুলুকে হত্যা করে মোটরসাইকেল ও নগদ অর্থ ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রদান করে। তদন্ত শেষে ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিজ্ঞ বিচারক আসামি বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে ফাঁসির আদেশ প্রদান করেন।

অপর চার আসামি জহুরুল ইসলাম, শাহানুর, মিলন ও মোফাজ্জল হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এ ব্যাপারে মামলা পরিচালনাকারী সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেজাউল করিম জানান, দীর্ঘ ১৩ বছর পর মামলার রায় হলেও বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে এ রায়ে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ চৌদ্দগ্রামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে সৌদি আরবে

আসামি পক্ষের আইনজীবী সরোয়ার হোসেন জানান তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে  আপিল করবেন।

ইত্তেফাক/নূহু