মায়ামি মাস্টার্স টেনিস

ফাইনালে উঠলেন মারে ও ফেরার

দারুণ দুটি সেমিফাইনাল লড়াইয়ের পরে মায়ামি মাস্টার্স টেনিসের ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে এবং তৃতীয় বাছাই ডেভিড ফেরার। শিরোপার লড়াইয়ে আজ রাতে কোর্টে নামছেন দু’জন। ২০০৯ সালে প্রথমবারের মত মায়ামি মাস্টার্স টেনিসের শিরোপা জিতেছিলেন মারে। আর এর পরের বছর দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতেই ফিরতে হয় তাকে। তবে সেই দুঃখ ভুলতে বদ্ধপরিকর মারে টুর্নামেন্টের এবারের আসরের শুরু থেকেই খেলছেন আস্থার সাথে। তাছাড়া টুর্নামেন্টের শুরুতেই রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করে নেয়ার পরে কোয়ার্টার ফাইানালে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচও। বড় কোন চ্যালেঞ্জের মুখোমখি না হয়েই ফাইনালে ওঠার ব্যাপারে নিশ্চিতভাবেই মারেকে সাহায্য করেছে সেই ব্যাপারটাও। তবে এসব কিছুর বাইরে শুধুমাত্র র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলেও আজকের ফাইনালে ফেভারিট থাকবেন এই স্কটিশ তারকাই। ফাইানালে আসার পথে সর্বশেষ লড়াইয়ে মারের প্রতিপক্ষ ছিলেন অষ্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট। ম্যাচের প্রথম সেটটিতে হেরে গেলেও পরের দুটি সেট জিতে নিয়ে ফেঞ্চ প্রতিপক্ষের বাধা টপকান মারে। তিন সেট শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৭-৬ (৭-৩), ৬-১, ৬-২। তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটের পরে বোঝা যায়নি এত সহযেই রণে ভঙ্গ দেবেন গ্যাসকুয়েট। ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেটটি জিতে নেয়ার পরে আত্মবিশ্বাসী মারে তৃতীয় সেটটিও জিতে নেন অনায়াসেই। ম্যাচ জয়ের পর মারে বলেন, ‘আত্মবিশ্বাসের দিক দিয়ে আমি বেশ চাঙ্গাই ছিলাম। প্রথম সেট থেকেই ভালো খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্য ঐ সেটটি হেরে যাই আমি। তবে শেষ দুই সেটে দারুণ টেনিস খেলেছি আমি। এখন লক্ষ্য ফাইনাল।’ মারের মতই তিন সেটে লড়াই করে ম্যাচ জিততে হয়েছে ফেরারকেও। প্রথম সেট হেরেও গেলেও, শেষ দুই সেটে নিজের সেরা পারফরম্যান্স দেখান ফেরার। শেষ পর্যন্ত ৪-৬,৬-২,৬-৩ গেমে ম্যাচটি জিতে নেন তিনি। ম্যাচের প্রথম সেটটি ৪-৬ গেমে জিতে নেন টুর্নামেন্টের ১৫তম বাছাই জার্মানির টমি হাস। তবে এরপরে হঠাত্ করেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ফলে বাজেভাবে পরের দুটি সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় হাসকে। ম্যাচ হেরে বেশ বিষণ্ন হয়ে পড়া হাস বলেন, ‘ম্যাচটি এভাবে হারবো ভাবতে পারিনি। ইচ্ছা ছিল ফাইনাল খেলার। কিন্তু তা আর হলো না। আমার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ -বাসস।