বার্সার অপেক্ষায় পিএসজি

স্পোর্টস ডেস্ক বদলি খেলোয়াড় কেভিন গেমিরোর একমাত্র গোলে গত শুক্রবার ফরাসি লিগে বর্তমান চ্যাম্পিয়ন মপিঁলিয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে অবস্থান সুদৃঢ় করেছে প্যারি সেন জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা লিঁও থেকে পিএসজি এখন আট পয়েন্টে এগিয়ে রয়েছে। এ জয়ের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার নিজ মাঠে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে প্রথম লেগের আগে মানসিকভাবে চাঙ্গা থাকলো কোচ কার্লো অ্যানচেলোত্তির দল। গেমিরো গোলটি করেন ৮০ মিনিটে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় গোলটির নয় মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তিনদিনের মধ্যেই বার্সেলোনা প্যারিসে খেলতে নামবে। তার আগে এমন একটি জয় দরকার ছিল ফরাসি রাজধানীর দলটির। ডেভিড বেকহ্যামও গেমিরোর সাথে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। গুরুত্বপূর্ণ এই গোলটিতে অবদান রয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। চীনে চারদিনের প্রচারণামূলক সফর শেষে দলের সাথে যোগ দিলেও বেকহ্যামের খেলায় ক্লান্তির ছাপ দৃশ্যমান ছিল না। পিএসজি কোচ আনচেলোত্তি বলেন,‘ আমি খুবই সন্তুষ্ট। চ্যাম্পিয়ন্স লিগের আগে এমন ম্যাচের প্রস্তুতি সহজ ছিল না। কিন্তু আমাদের মনোভাব ভাল ছিল।’ আনচেলত্তি অবশ্য দলকে সতর্ক করে দিয়েছেন। তিনি মনে করেন আট পয়েন্টে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই বলে মনে করেন আনচেলত্তি। কেননা আত্মতুষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিতে। ইটালিয়ান এই কোচ বলেন, ‘সাধারণ প্রস্তুতি নেবো আমরা। বার্সাকে আমরা সবাই জানি। কিন্তু আমরা এমন একটি দল নামাতে চাই যারা ফুটবল খেলতে চায়। এমনকি যদি এটা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষেও হয়ে থাকে। আমরা কোয়ার্টার ফাইনালে। খুবই রোমাঞ্চকর। কিন্তু এখন অনেক কঠিন।’এএফপি