নাচের হেবা

আধুনিক নৃত্যে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করে তোলার স্বপ্ন দেখেন হেবা। যে মেয়ে রাঁধে সে চুলও বাঁধে। হেবা ইসলামও একই সঙ্গে অনেক কাজ করেন। খুব ভালো ছাত্রী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বিবিএ। পড়াশোনার জন্যই সবার খুশি হবার কথা। কিন্তু হেবা সেখানেই থেমে না থেকে নৃত্যশিল্পী হিসাবেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। হেবা এরই মধ্যে দেশে-বিদেশে বিভিন্ন স্টেজ শোতে পরিবেশন করেছেন তার নৃত্যশৈলী। এছাড়া বাংলাদেশের প্রতিটি চ্যানেলে তার স্টেজ পারফর্মেন্স দেখিয়েছেন। সেই চার বছর বয়স থেকে নাচ শিখছেন। সাবরিনা ওয়াহিদ, বুলবুল ললিতকলা একাডেমী এবং নৃত্যশিল্পী শামীম আরা নীপার কাছে তালিম নিয়েছেন। ক্লাসিক্যাল ও লোকনৃত্য শিখেছেন। কিন্তু তিনি নিজেকে মেলে ধরেছেন আধুনিক নৃত্যের আঙিনায়। আধুনিক নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন মুম্বাইয়ের জি এস রামার কাছে। হেবা বললেন, ‘পশ্চিমা নৃত্যধারার হিপহপ, সালসার দর্শক চাহিদা রয়েছে। সারা পৃথিবীতে নৃত্যের ডাইমেনশন বদল ঘটছে। দেশীয় নৃত্যের পাশাপাশি আধুনিক নৃত্যশৈলীতেও দেশের শিল্পীদের দক্ষতা বাড়াতে হবে। বিভিন্ন দেশের শিল্পীরা এই আধুনিক নৃত্যধারায় নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছেন। আমি বাংলাদেশে সেই ধারাটাকে জনপ্রিয় করে তুলতে চেষ্টা করছি।