হাতিরঝিলে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

হাতিরঝিলে ছিনতাইকারীদের ধরতে গিয়ে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা থানা পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে ইউনাইটেড পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে মিরপুরের দিকে যাওয়ার পথে একদল ছিনতাইকারীর কবলে পড়ে। দায়িত্বরত সাব-ইন্সপেক্টর জুবায়ের হোসেন বাসটি থামানোর সংকেত দিলে বাসটি না থেমে বিজিএমইএ ভবনের সামনের দিকে যায়। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পুলিশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে দৌড়ে হাতিরঝিলের দিকে পালানোর চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের গুলিতে আহত হন সাব-ইন্সপেক্টর জুবায়ের হোসেন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে এক ছিনতাইকারী আহত হয়। পুলিশ ধাওয়া করে আরো দুই ছিনতাইকারীকে গ্রেফতার করলেও তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়।