চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী আকলিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামি ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই মামলার অপর আসামি শাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফারুক হোসেন পেশায় একজন কসাই ছিলেন। মৃত আকলিমা একই উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সঙ্গে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্যে আকলিমাকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে প্রায়ই আকলিমাকে মারধর করতো।
আরও পড়ুন: ডাকাতিতে বাধা, গুলিতে নিহত ১
২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে ফারুক। এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় আকলিমা আক্তারের স্বামী ফারুক হোসেন ও তার শাশুড়ি মনি বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/অনি