স্কুল থেকে ঝরে পড়া রোধে মনিটরিং জোরদারের তাগিদ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:০৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্পের কার্যক্রম সমপ্রসারণ ও মনিটরিং জোরদার করার তাগিদ দেয়া হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয় ।
প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকারের অন্যতম অঙ্গীকারের প্রেক্ষাপটে বর্তমান সরকারের সময়ে শুরু হওয়া ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা ও ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়।
এ পরীক্ষা চালুর ফলে দেশব্যাপী গুণগত প্রাথমিক শিক্ষা অর্জনে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে নিজেদের উত্কর্ষতা বৃদ্ধি ও আধুনিক বিশ্বের সাথে অভিযোজনে সক্ষমতা অর্জন করায় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণের পরামর্শ রাখা হয়।
সভায় রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্পের (রস্ক) হালনাগাদ কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আনন্দ স্কুলগুলোর সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে শিক্ষক প্রশিক্ষণ প্রদান এবং প্রতি উপজেলায় একজন প্রশিক্ষণ সমন্বয়কারীর পদ সৃজনের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। সভায় আরো অবহিত করা হয়, এ বছর আরো ১শ’টি উপজেলায় রস্ক-এর কার্যক্রম সম্প্রসারণ এবং নিয়মিত প্রকৃত শিক্ষার্থী যাচাই অব্যাহত রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক মনিটরিং অফিসার নিয়োগ করা হচ্ছে।
সভায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোমল মানসিকতার প্রতি যথাযথ যত্নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বিদ্যালয়গুলোতে নারী ও পুরুষ শিক্ষকের অনুপাত যথাক্রমে ৬০ অনুপাত ৪০ রাখার সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন, আতিউর রহমান আতিক, নাজিমউদ্দিন আহমেদ, আফাজউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার ইউনুস ও অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী সভায় অংশগ্রহণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।