আফ্রিদির অবসর ভাবনা

তাকে নিয়ে কথা বলার আগে পরিসংখ্যান ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এক কথায় তিনি ক্রিকেটের বিনোদনের সবচে বড় বিজ্ঞাপন। ইএসপিএন ক্রিকইনফোতে তার জীবনবৃত্তান্তে বলা আছে, ‘তার মতো কাউকে আগে দেখেনি ক্রিকেট বিশ্ব, সামনেও দেখবে না।’ ক্রিজে যখন নামেন তখন দর্শক সারির উচ্ছ্বাস দেখে সহজেই তার জনপ্রিয়তা অনুমান করা যায়। উইকেট পাওয়ার পর দুহাত শূন্যে তুলে উদযাপন; মুখে সেই ট্রেড মার্ক হাসি; বিশ্বের নামি-দামি সব বোলারকে তোয়াক্কা না করে বলকে বাউন্ডারি ছাড়া করার দৃশ্য আর হয়তো দেখা যাবে না খুব বেশিদিন। এমনটা জানালেন বুম বুম আফ্রিদি নিজেই। জানালেন কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ডন নিউজের সঙ্গে একান্ত আলাপে আফ্রিদি বলেন, তরুণ মেধাবী অলরাউন্ডারের অভাব রয়েছে। যে মুহূর্তে এমন কাউকে পাওয়া যাবে যে তার পরিবর্তে দায়িত্ব নিতে সক্ষম ঠিক তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। মেধাবী এ অলরাউন্ডার বলেন, ‘আমার স্থানে বদলি হিসেবে কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিদায় নেব। তবে এ মুহূর্তে তেমন মেধাবী অলরাউন্ডার হিসেবে কাউকে পাওয়া যাচ্ছে না-যে কিনা আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে পারে। আমি আগেও বলেছি, এখনো বলছি পাকিস্তানের মঙ্গলে আমি কারো পথের কাঁটা হয়ে দাঁড়াবো না।’ ওয়ানডে সিরিজে প্রোটিয়াসদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় আক্ষেপ করেন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আফ্রিদি বলেন, ‘সিনিয়ররা ভাল পারফরমেন্স করেনি। দক্ষিণ আফ্রিকাকে হারানোর একটা সুবর্ণ সুযোগ আমাদের ছিল এবং আমার মতে, গুরুত্বপূর্ণ সময়ে আমরা ভেঙ্গে পড়েছি যে কারণে ফল আমাদের পক্ষে আসেনি।’ তিনি আরো জানান, দক্ষিণ আফ্রিকায় প্রতিটি ম্যাচেই বড় সংগ্রহ সম্ভব ছিল; কারণ সেখানকার ফ্লাট উইকেটে ব্যাটসম্যানদের সুযোগ নেয়া উচিত ছিল। এ সিরিজে বিশেষ করে বল হাতে ব্যর্থ হওয়া এ লেগ স্পিনিং অলরাউন্ডারের মতে ওয়ানডের নতুন নিয়ম স্পিনারদের জন্য কঠিন হয়ে গেছে। তাছাড়া কেবল তিনি একাই এ সমস্যা মোকাবিলা করছেন না, ‘নতুন নিয়ম স্পিনারদের জন্য নেতিবাচক হয়ে গেছে। বৃত্তের মধ্যে চার ফিল্ডার থাকায় আমরা এখন কেবল ব্যাটসম্যানদের রান নেয়া থেকে বিরত রাখতে চেষ্টা করি। প্রকৃতিগতভাবেই আমরা আক্রমণাত্মক বোলার হওয়ায় এমনকি সাইদ আজমলের মত কাউকেও সমস্যায় পড়তে হচ্ছে।’ জাতীয় দলের বোলিং কোচ তাকে নিজের বোলিংয়ের প্রতি মনোনিবেশ করতে বলায় লাহোরে চলমান সুপার এইচ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেননি বলে জানান সাবেক এ অধিনায়ক, ‘আমার বোলিংয়ে উন্নতি করার লক্ষ্যে করাচিতে বিশেষ অনুশীলন সেশন করছি আমি। আমার লক্ষ্য আমার আগের অবস্থান ফিরে পাওয়া এবং এ জন্য কঠোর পরিশ্রম করছি।’ আফ্রিদির পরবর্তী চ্যালেঞ্জ আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া।-বাসস