নিরাপত্তাজনিত কারণে আসতে চাইছে না শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল

নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বলে বাংলাদেশ সফরে আসতে অনিচ্ছুক শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। দুটি চারদিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে দলটির। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে আপাতত সফরটি স্থগিত করতে চাইছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ এ তথ্য জানিয়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘সফর স্থগিত করার বিষয়ে কোন কথা হয়নি। দেশের খারাপ পরিস্থিতির কারণে আমরাই সফরটি দুই একদিন পিছিয়ে দেয়ার চিন্তা-ভাবনা করছি। এমনিতে সফর স্থগিত হবার কোন তথ্য নেই আমাদের কাছে’। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ঢাকা সফর প্রসংগে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুও বললেন একই কথা। তার বক্তব্য ‘শ্রীলংকা আসবে না আমাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই। আমরা আজও (কাল) সভা করে এলাম। ৭ এপ্রিল তারা ঢাকায় আসছে, সবকিছু বন্দোবস্ত করে এসেছি। এমনকি গত ২২ মার্চ নিরাপত্তাজনিত একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তারা আসবে না বলে কোন তথ্য পাইনি আমরা। তবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড তাদের মতামত জানাতে পারে। তারা যদি এখন আসতে না চায় সেটা ভিন্ন কথা’। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইংল্যান্ড একাডেমির মেয়েরা গত মাসে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সফরটি বাতিল করে। ইংল্যান্ড একাডেমি মেয়েদের পর এবার শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলও বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করে। এ প্রসংগে ক্রিকেট অপারেশন্স কমিটি এবং মহিলা বিভাগের চেয়ারম্যান সিরাজ বলেন, ‘আমি কলম্বোতে থাকাকালীন শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে আসতে চাইছে না। তবে সফর বাতিল হয়নি। আর শ্রীলংকান দলের মত একই কারণে ইংল্যান্ড একাডেমি মেয়েরাও আসতে চায়নি। তাই বাংলাদেশের মেয়েদের ভারত সফরের ব্যবস্থা করা হয়েছে’। ইংল্যান্ড একাডেমি দল গত মাসে ঢাকায় এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। এগুলো অবশ্য কোন আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তবে বাংলাদেশের মেয়েরা ভারত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যা আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে। লংকানদের বিরুদ্ধে সিরিজটি সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন সপ্তাহ ধরে ক্যাম্প চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত একাডেমি মাঠে। একাডেমি ও বয়সভিত্তিক বিভিন্ন কোচের অধীনে ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ২২ জনের অনুশীলন চলছে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাকি দুইজন এইচএসসি পরীক্ষার কারণে ক্যাম্পে আসেননি। কাল এ তথ্য দিলেন কোচ জাফরুল এহসান। তবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চললেও এখন পর্যন্ত প্রধান কোচ কে হচ্ছেন তা বলতে পারছেন না কেউই। জানা গেছে একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্স অনূর্ধ্ব-১৯ দলকে অনুশীলন করালেও তাকে দায়িত্বটি দিতে চাইছে না। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, এহসানকেই প্রধান কোচের দায়িত্ব দেয়া হতে পারে। এদিকে গত বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এনামুল হক বিজয় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। সেজন্য লংকানদের বিরুদ্ধে হোম সিরিজে নতুন কাউকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।