ওয়ালটন স্বাধীনতা দিবস হকি শুরু আজ

স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্টটি কখনোই সময় মতো আয়োজন করতে পারে না হকি ফেডারেশন। এটা যেন হকি ফেডারেশনের চিরায়িত নিয়ম। এবারও তার ব্যতিক্রম হলো না। তাই নতুন মাসে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ থেকে। ফেডারেশন কর্মকর্তাদের ব্যাখ্যা, অন্যান্য খেলা এবং জাতীয় দলের কার্যক্রম থাকায় আয়োজন করা যায়নি। তবে হকির এই টুর্নামেন্টে আসেনি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবং রানার্সআপ ঊষা ক্রীড়া চক্র। তাদেরকে আমন্ত্রণ জানানো হলেও সাড়া দেয়নি বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। বড় দলগুলোকে নিয়ে আরো আকর্ষণীয় ভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন, আবাহনী মোহামেডান সাধারণত এই টুর্নামেন্টে খেলে না। কিন্তু রোল অব অনারে উল্লেখ রয়েছে ছয়বার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। পাঁচ দল নিয়ে শুরু হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর স্বাধীনতা দিবস কাপ হকি টুর্নামেন্টটি। স্বাধীনতা কাপ না হলেও এটি অনেকটাই সার্ভিসেস টুর্নামেন্টের মতোই। পাঁচ দলের মধ্যে সার্ভিসেস দল চারটি। সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি হচ্ছে প্লেয়ার্স ফ্যাশন। জাতীয় দলের খেলোয়াড়দের উদ্যোগে এই দলটি মাঠে নামবে বলে গতকাল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন হকির কর্মকর্তারা। টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে হকি স্টেডিয়ামে আজ বিকাল তিনটায় নৌবাহিনী ও পুলিশ মুখোমুখি হবে। নয় মার্চ ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার, রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতাকে স্পন্সর ওয়ালটন থেকে দেয়া হবে একটি রেফ্রিজারেটর, জানিয়েছেন ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার। টুর্নামেন্টের বাজেট আড়াই লাখ টাকা। পুরোটাই দিচ্ছে ওয়ালটন। স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন, নয় দিনের এই টুর্নামেন্টে তাদের ব্যয় হবে সাড়ে চার লাখ টাকা। সংবাদ সম্মেলনে ছিলেন হকি কর্মকর্তা উইং কমান্ডার রাফি উল হকসহ অন্যরা।