বার্সার বিরুদ্ধে পিএসজি’র কঠিন পরীক্ষা আজ

প্যারি সেন জার্মেই (পিএসজি) আজ মঙ্গলবার যখন চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে, সেসমময় স্বাগতিকদের দৃশ্যত চূড়ান্ত পরীক্ষাই দিতে হবে। একই রাতে প্রতিযোগিতার আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও জুভেন্তাস। চারটি দলই নিজেদের ঘরোয়া লিগের শীর্ষে আছে। এর মধ্যে বার্সেলোনা লা লিগায় ১৩ পয়েন্টে এগিয়ে থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে পিএসজি’র ব্যবধান সাত পয়েন্টের। কাতারি অর্থায়নে পরিচালিত ফরাসি জায়ান্টরা সামপ্রতিক সময়ে ফর্মের বিচারেও নিম্নমুখী। সর্বশেষ পাঁচ খেলার মধ্যে জিতেছে কেবল দুটিতে। তবে কোচ কার্লো অ্যানচেলোত্তির দলের জন্য স্বস্তি হলো গত শুক্রবার তারা গেলবারের চ্যাম্পিয়ন মন্টপেলিয়েরকে ১-০ গোলে হারিয়েছে। বার্সেলোনা সে তুলনায় সর্বশেষ শনিবার লা লিগার খেলায় ২-২ গোলে ড্র করেছে সেল্টা ভিগোর সাথে। ড্রয়ে বাধ্য হলেও স্প্যানিশ জায়ান্টরা খেলাটিতে আন্দ্রেস ইনিয়েস্তা, সের্জিও বাসকোয়েটস ও জাভিয়ের ম্যাসেরানোকে বিশ্রামে দিতে পেরেছিল। তাছাড়া মূল কোচ টিটো ভিলানোভাই দল নিয়ে প্যারিসে আসছেন, এটাও কাতালানদের জন্য বড় অনুপ্রেরণা। ভিলানোভাকে অবশ্য পিএসজি’র গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচের উপর বাড়তি নজর দিতে হবে। কেননা সুইডিশ খেলোয়াড়টি ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত বার্সেলোনাতেই ছিলেন। বর্তমান দলটির অধিকাংশের সাথেই খেলেছেন তিনি। ইব্রাহিমোভিচ এ মুহূর্তে ভয়ংকর ফর্মে আছেন। লিগ ওয়ান হিসেবে পরিচিত ফরাসি লিগে ২৭ খেলায় ২৫ গোল করেছেন তিনি। পিএসজিকে উপরে ওঠার জন্য যেরকম খেলতে হবে, তেমন কিছু একটা করার ক্ষমতা রাখেন এই স্ট্রাইকার। বার্সেলোনার ডিফেন্ডাররা যেমন সুইডিশ খেলোয়াড়টিকে নিবিড় প্রহরায় রাখবেন, তেমনি বিপক্ষের জন্য মূর্তিমান আতংক হিসেবে মাঠে থাকবেন দৃশ্যতই বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টাইন খেলোয়াড়টি আবারো জোরে সোরে গোল করে চলেছেন। লা লিগায় ২৯টি খেলায় তার দেয়া গোল হলো ৪৩টি। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে আট খেলায় সাত গোল করেছেন তিনি। স্পেন ও ফ্রান্সের ক্লাব দুইটি এর আগে কখনো প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে একে অপরের মোকাবিলা করেনি। তবে ২০১২ সালের আগস্টে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করেছিল। পিএসজিকে ভাল করতে হলে অতিথিদের গোল প্রয়াসের সমস্ত রাস্তা রুদ্ধ করে দিতে হবে। কেননা বার্সেলোনার মাঠে মেসিদের হারানোর কাজটা খুবই কঠিন। ‘বায়ার্ন সুবিধাজনক অবস্থায়’ এদিকে স্টুটগার্টের ডিফেন্ডার ক্রিস্টিয়ান মোলিনারো মনে করছেন জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখই এগিয়ে থাকবে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ইটালির দলটির জার্সি গায়ে চাপানো মোলিনারো অবশ্য এরপরও মনে করেন ইউরোপের সেরা দুইটি দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন,‘বায়ার্ন ও জুভেন্তাস নিজ নিজ লিগে দাপট দেখিয়ে চলেছে। এটা হবে অসাধারণ এক লড়াই এবং আমি এর দিকে তাকিয়ে আছি। বায়ার্ন কিছুটা সুবিধাজনক অবস্থায়, কেননা বুন্দেশলিগায় তারা অনেক ব্যবধানে এগিয়ে আছে।’ বায়ার্ন জার্মান লিগে গত দুইবারের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের চাইতে বর্তমানে ২০ পয়েন্টে এগিয়ে আছে। গত শনিবারই তাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। কিন্তু স্টুটগার্টের বিরুদ্ধে ডর্টমুন্ড শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয়ী হলে বায়ার্নের অপেক্ষা বাড়ে। অপরদিকে জুভেন্তাস একই রাতে ইটালিতে ইন্টারমিলানকে ২-১ গোলে হারিয়ে এসি মিলানের সাথে ১১ পয়েন্টের ব্যবধান গড়ে নেয়। চ্যাম্পিয়ন্স লিগে ১৯৯৬ সালের পর এবারই কোন ইংলিশ দল নেই ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে। অবশ্য ফাইনালটি হবে লন্ডনের ওয়েম্বলিতে যেখানে শেষ পর্যন্ত দেখা যেতে পারে ‘এল ক্লাসিকো’ কিংবা দুই জার্মানের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে গতবারের ফাইনালিস্ট বায়ার্ন কোচ জুপ হেইঙ্কস বলেন,‘এখন আমরা একদম ‘টেক্সবুক ফুটবল’ খেলছি এবং শিরোপা আর হাতছাড়া হতে পারবে না। আত্মবিশ্বাসে ভরপুর থাকাটা গুরুত্বপূর্ণ। তবে মঙ্গলবারের খেলাটি হবে ভিন্ন। কেননা জুভ হলো একটা শীর্ষস্থানীয় ইউরোপীয় দল এবং অনেক বেশি আক্রমণাত্মক।’ এদিকে আগামি বুধবার রিয়াল মাদ্রিদ ও তুরষ্কের গালাতাসারায় এবং আরেক স্প্যানিশ ক্লাব মালাগা ও বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। দুইটি খেলাই হবে স্পেনে।