আম্পায়ারিং নিয়ে বিতর্ক!

আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কটা বেশ পুরনো। গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে সাকিব আল হাসানকে বিতর্কিত এক সিদ্ধান্তে আউট ঘোষণা করে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করা এই লংকান। গত রবিবার সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে এই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হতে হয় দারুণ ব্যাটিং করতে থাকা আশরাফুলকে। এর আগের তিন বলে ১৪ রান নেয়া আশরাফুল ক্রিজে থাকলে ম্যাচের ফলাফল অন্যদিকে মোড় নিলেও নিতে পারতো। থিসারা পেরেরা’র লেগ স্ট্যাম্পের বাইরে একটি নিরীহ দর্শন ফুলটস বল; আশরাফুল ব্যাট চালালেও মিস হয়ে প্যাডে লাগে। থিসারার ‘অতি আবেদন’ কে ফেলতে পারলেন না আম্পায়ার রুচিরা। ২৭ বলে ৪৩ রান করা আশরাফুল ফিরে গেলেন সাজঘরে। শুধু আশরাফুলই নন, অভিষেকে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা শামসুর রহমান শুভও নিজের দুর্ভাগ্যকে দুষতেই পারেন। সন্দেহ রয়েছে তার আউটকে ঘিরেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তাই চুপ থাকতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিম। আক্ষেপের সুরে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আম্পায়ারদের নিয়ে কি বলা উচিত্ সেটা আমি বুঝতে পারছি না। গোটা সিরিজেই তাদের বেশ কিছু বাজে সিদ্ধান্ত সবাই দেখেছে। তবে, এখন আর চাইলেও আমরা সব ফিরে পেতে পারবো না। প্রথম বলে আউট হয়ে যাওয়া শুভ’র জন্য সত্যিই হতাশার।’ তবে, এতো কিছুর পরেও কোন অভিযোগ করছেন না মুশফিক। অনেকটা কৌতুক করেই বলেন, ‘এলবিডব্লিউয়ের চেয়ে এখন আমাদের প্যাডে যাতে বল না লাগে সেদিকেই লক্ষ্য রাখতে হবে!’