মতিঝিলে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত

মতিঝিলে সোমবার সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম জুয়েল (২০)। নিহত জুয়েল রূপালী ব্যাংকের একটি স্টাফ বাসের চালকের সহকারী (হেলপার) ছিলেন। মতিঝিল থানার এসআই হারুনুর রশিদ জানান, বেলা ১১টার দিকে মতিঝিলের আলিকো ভবন ও সোনালী ব্যাংক ভবনের মাঝামাঝি রাস্তায় রূপালী ব্যাংকের একটি স্টাফ বাস থেকে জুয়েল রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত জুয়েলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।