ঢাকা ক্লাবকে দেয়া সম্পত্তি জনস্বার্থে ব্যবহারের দাবি
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৮
ঢাকা ক্লাবকে লিজ দেয়া সরকারি সম্পত্তি উদ্ধার করে তা জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছেন সিটিজেন্স রাইট মুভমেন্ট ও ইনিশিয়েটিভ ফর পিস। সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেন্স রাইট মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। এতে বলা হয়, ১৯১১ সালে ব্রিটিশ শাসকরা তাদের বিনোদনের জন্য ঢাকা ক্লাব প্রতিষ্ঠা করে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানি তাবেদার বাঙালি আমলাদের নিয়ন্ত্রণে চলে আসে ক্লাবটি। যেখানে সাধারণ জনগোষ্ঠীর সদস্য হওয়া প্রায় নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু সরকার ১৯৭২ সালে ঢাকা ক্লাবের অধীনে ৫ একর জমি ৩০ বছরের জন্য লিজ দেয়। ১৯৭৫সালে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হওয়ার পর ক্লাবটি একশ্রেণীর ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। ২০০২ সাল ক্লাবের লিজ শেষ হলে ২০০৯ সাল পর্যন্ত তা আর নবায়ন করা হয়নি। এই কারণে ২০১০ লিজ গ্রহণ ও প্রদান অবৈধ বলে তারা দাবি জানান। বর্তমানে ঢাকা ক্লাবের একটি সদস্যপদের মূল্য ৫০ লাখ টাকার অধিক। ক্লাবের সদস্যরা তাদের আয়কর সঠিকভাবে প্রদান করেন কিনা সে বিষয়ও সন্দেহ প্রকাশ করেন তারা। তারা মনে করেন হা গোনা কিছু অভিজাত শ্রেণীর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজেদের ভোগ বিলাসের জন্য ব্যবহার করতে পারে না। সরকার চাইলে ক্লাবের স্থাপনাটি হ্যারিটেজ হিসাবে রেখে বাকি সম্পত্তি জনহিতকর কাজে ব্যবহার করতে পারে।