আরো গাইতে চান শাম্মী আকতার
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২০:৫০
অনেকটা আত্ম অভিমানেই আছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আকতার। মিডিয়ার প্রচারের আলো যেমন তাদের দিকে পড়ে না, তেমনি নতুন প্রজন্মের মিউজিক ডিরেক্টররা বেসুরো প্রচারপ্রিয় শিল্পীদের নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের নিয়ে ভাববার সময় একেবারেই নেই। তাই ইত্তেফাক বিনোদন প্রতিদিন থেকে কেমন আছেন জানতে চাইলে বলেন, ‘এইতো বাধ্যগত অবসর। বাইরের দেশে শিল্পীদের বয়সের সাথে সাথে গানের ব্যস্ততা বাড়ে। কিন্তু নতুন গান করতে চাইলেও এখন আর করা হয় না। এত এত ছবি হচ্ছে, ছবির সঙ্গীত পরিচালকেরা ভেবেই নিচ্ছেন যে আমরা বোধকরি আর গাইতে পারি না। তাই বিভিন্ন টিভি শো আর কিছু লাইভ অনুষ্ঠানেই গান গাইছি নিজের পুরোনো গান। আমার কথা হলো আমার বয়স বেড়েছে শরীরে। কিন্তু আমার যে গানের চর্চা, রেয়াজ তাতে তো আমার কণ্ঠ মরেনি। বরং কণ্ঠ আমার আরো ম্যাচিউরড হয়েছে। একই রকম ভাবেই তাই অডিও ইন্ডাষ্ট্রি আর প্লে-ব্যাকে আমাদের ডাকা হয় না।’ অখন্ড অবসরে বিটিভির নিয়মিত কিছু অনুষ্ঠান আর বিশেষ বিশেষ দিবসে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গান গেয়ে তারা শোভাবর্ধন করছেন। সর্বশেষ কবে সিনেমার জন্য গান গেয়েছেন জানতে চাইলে তিনি বলেন,‘ সেও তো প্রায় ৪ বছর হয়ে গেলো। ২০১০ সালে একটি চলচ্চিত্রের জন্য প্লে-ব্যাক করি এবং হয়তো শেষ বয়সে আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে সম্মাানিত করে জুরিবোর্ড। আমার আক্ষেপ নেই চাওয়া আছে, দাবি আছে। আমি আরো গাইতে চাই। নতুন প্রজন্মের সুরে। নতুন কোন গানে আসতে চাই। কিন্তু তা কতটুকু সম্ভব কিভাবে সম্ভব আমি জানি না।’