রামপুরায় পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীর রামপুরায় পুলিশের গুলিতে ছিনতাইকারী সন্দেহে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হাসান (১৮)। পুলিশের দাবি, নিহত যুবক এলাকায় পেশাদার ছিনতাইকারী। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালিবাগ হাজীপাড়া পেট্রোল পাম্পের কাছে এপেক্স গলিতে এ ঘটনা ঘটে। রামপুরা থানার এসআই জুলহাস জানান, রামপুরা হাজীপাড়া এপেক্স গলিতে ছিনতাই হচ্ছে- এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী দল পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে হাসান গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৬টার দিকে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি ককটেল ও একটি ছুরি উদ্ধার করেছে। নিহত হাসানের মা হোসনে আরা বেগম জানান, তারা উত্তরখান এলাকার কাঁচকুরা বাজারে থাকেন। তার স্বামী মনসুর প্রাইভেট কার চালক। সোমবার সকাল ১১টার দিকে হাসান তার চাচা চাঁন মিয়ার সঙ্গে বাসা থেকে বের হয়ে যায়। এরপরে রাতে হাসান আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকাল ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তি তার মোবাইল ফোনে ফোন করে জানায় যে, হাসান পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আছে। মর্গে গিয়ে তিনি লাশ শনাক্ত করেন। তিনি আরো জানান, হাসান কাঁচকুরা বাজারে একটি চায়ের দোকানে কাজ করত। এর আগে একটি মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে। এক মাস আগে ঐ মামলায় জামিনে ছাড়া পেয়ে জেল থেকে বেরিয়ে আসে। এদিকে পল্লবীর বারুনটেক ডোবা থেকে মনির হোসেন (৩৫) নামে এক রিকশা চালকের লাশ পুলিশ উদ্ধার করেছে। বারুনটেকের একটি বাড়িতে মনির হোসেন ভাড়া থাকতেন। তার স্ত্রী সেলিনা বেগম জানান, সোমবার রাত ১১টা থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সকাল ১০ টায় বারুনটেক ডোবাতে তার স্বামীর লাশ ভাসতে থাকে। পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে মনিরকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়।