টি-টোয়েন্টিতে ফিরবেন না মিসবাহ
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৫
ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান করা সত্ত্বেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ফিরবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক। ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচে ১০৩ গড়ে মোট ২০৬ রান করেন মিসবাহ।
শিয়ালকোট স্টালিয়ন্সের বিপক্ষে রোববারের ফাইনালে ফয়সালাবাদ ওলভসের জয়ের নায়কও ছিলেন মিসবাহ।
এ বছরের চ্যাম্পিয়ন্স লিগে নিজ শহরের দল ওলভসের নেতৃত্ব দেবেন বলে জানান মিসবাহ। কিছু কিছু আন্তর্জাতিক ম্যাচে মন্থর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হওয়া মিসবাহ বলেন, এখন তার লক্ষ্য আক্রমণাত্মক ব্যাটিং ধারা অব্যাহত রাখা।
তিনি বলেন, ‘আমি সফলতা পাই কিংবা না পাই, সেটা ভিন্ন কথা । তবে ভবিষ্যতে আমি আক্রমণাত্মক ব্যাটিং করবো।’
আগামী মাসে ৩৯ বছরে পা রাখা মিসবাহ গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান। অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৯ ম্যাচে ৩৭.৫২ গড়ে মোট ৭৮৮ রান করেন তিনি। মিসবাহ’র পরিবর্তে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় মোহাম্মদ হাফিজকে।
নিজের ব্যাপারে সকল প্রকাল সমালোচনা তুচ্ছ করে মিসবাহ জানান, পাকিস্তানের হয়ে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট অব্যাহত রাখবেন তিনি। - বাসস