সমর্থকদের ভালবাসা চান হরভজন
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৬
এইতো কিছু দিন আগেই ভারতের হয়ে শততম টেস্ট ম্যাচ খেললেন অফ স্পিনার হরভজন সিং। শততম টেস্ট খেলা ছাড়াও ভারতের হয়ে অনেক রেকর্ডের মালিকও তিনি। তবে হরভজন এগিয়ে রাখলেন সমর্থকদের ভালবাসাকে। তিনি মনে করেন, ‘রেকর্ডের চেয়ে আমাকে মানুষের মনে রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খারাপ পারফরমেন্স করায় তৃতীয় ও চতুর্থ টেস্টে দলে জায়গা পাননি হরভজন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজে ভারতীয় দলে ঠিকই সুযোগ পান হরভজন। আর চেন্নাইয়ে প্রথম টেস্টে একাদশে সুযোগ পেয়ে নতুন রেকর্ড স্পর্শ করেন ভাজ্জি।
সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শততম টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করেন হরভজন। তবে এসব রেকর্ডের চেয়ে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠা এবং তাকে মনে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘যখন আমি শততম টেস্ট খেলি, তখন আমার অনুভূতিটা ছিল দুর্দান্ত। আর ঐ সময় আমি আরো একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি আর তা হলো মানুষের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তোলা। আমি মনে করি, খেলা ছেড়ে দেবার পর মানুষ আমার রেকর্ড নিয়ে অনেক কথাই বলবে। তবে ৯০ ভাগ আলোচনা করবে মানুষ হিসেবে আমি কেমন ছিলাম। তাই রেকর্ডের চেয়ে মানুষের আমাকে মনে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’