গোপনীয়তার নীতিতে তদন্তের মুখোমুখি গুগল
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০২
গুগল’র গোপনীয়তার নীতিমালার কারণে এবারে গুগল’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয় কমিশন। গত বছরের মার্চ মাসে টেক জায়ান্ট গুগল তাদের গোপনীয়তার নীতিমালা আপডেট করে। সেই সময়ে তারা তাদের বিভিন্ন অনলাইন এবং অফলাইন সেবাকে সমন্বিত করেই এই নীতিমালা প্রণয়ন করে। তাদের ওয়েব সার্চ, অ্যান্ড্রয়েড, ইউটিউব প্রভৃতি সেবাকে একসাথে এই নীতিমালার আওতায় নিয়ে আসে। তবে সেই নীতিমালার কারণেই ইউরোপিয় ইউনিয়নের মুখোমুখি হতে হয় তাদের। ইউরোপিয়ান কমিশন থেকে জানানো নয়, তাদের তথ্যের গোপনীয়তার নীতিমালার সাথে গুগল’র এই নীতিমালা সামঞ্জস্যপূর্ণ নয়। গুগলকে তারা এই নীতিমালা রিভিউ করার জন্য সময়ও দেয়। তবে গুগল বরাবরই বলে এসেছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল এবং সেই নীতিমালার সাথে তাদের নীতিমালা বিরোধপূর্ণ নয়। তবে শেষ পর্যন্ত ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থাগুলোর কাছে গুগল’র নীতিমালা সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। এসব দেশের তথ্য অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল’র নীতিমালা তাদের স্ট্যান্ডার্ডকে সমর্থন করে না। আর সে কারণেই আইনি পদক্ষেপের দিকে যাচ্ছে তারা। এ প্রসঙ্গে ফ্রান্সের সিএনআইএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গুগলকে যথেষ্ট সময় প্রদান করা হয়েছে। তবে এই সময় অতিক্রান্ত হয়ে গেলেও গুগল এ সংক্রান্ত বিষয়ে কোনো তাত্পর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আমরা আইনি পদক্ষেপ নিতে বার্ধ হচ্ছি এবারে।’ তথ্য অধিকার নিয়ে কাজ করা আরও বেশকিছু প্রতিষ্ঠানও ইউরোপিয় তথ্য কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। গ্রাহকদের তথ্য গুগল কীভাবে ব্যবহার করে, সে সম্পর্কে আরও স্পষ্ট তথ্য গুগল’র প্রদান করা উচিত বলেই মতামত তাদের। তবে গুগল’র নীতিমালা নিয়ে এত কথা হলেও গুগল এখনও বলে যাচ্ছে তাদের নীতিমালায় এমন কিছু নেই যা ইউরোপিয় নীতিমালার সাথে সাংঘর্ষিক। কাজেই এ বিষয় নিয়ে তারা ভাবিত নয় বলেই জানিয়েছে।