আইপিএল-২১১৩ উদ্বোধন

ক্রিকেটের জয় দিয়ে শুরু

যেমন আশা করা হয়েছিল; তেমনই হল। আলোকচ্ছটায় ভরে গেল আকাশ, প্রবল শব্দে কেঁপে উঠল কলকাতা এবং বলিউড ও যুক্তরাষ্ট্রের তারকাদের নাচের সঙ্গে ছন্দে মাতলেন দর্শকরা। গত পাঁচ বছর ধরে এভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু হচ্ছে। ফলে এই আলো, শব্দ বা নাচে বিরাট নতুন কিছু থাকার কথা নয়। নতুন একটা ঘটনা ঘটল—দর্শকদের প্রতিক্রিয়া। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব সিনে ও র্যাপ তারকারা যে নয়; ক্রিকেটাররাই বড় তারকা সেটা বুঝিয়ে দিলেন কলকাতা যুবভারতী স্টেডিয়ামের দর্শকরা। এক এক করে মঞ্চে যেই না আইপিএল দলগুলোর অধিনায়করা পা রাখলেন, এক এক করে রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়রা উঠলেন মঞ্চে; সবচেয়ে বড় উল্লাসধ্বনিতে ফেটে পড়ল স্টেডিয়াম। রূপালী পর্দার তারকাদের মাঝে ক্রিকেটারদের এই জয় দিয়েই গত মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে পর্দা উঠল ষষ্ঠ আইপিএলের। অনুষ্ঠানের শুরুতে আকাশ থেকে এক ঝাঁক অ্যাক্রোব্যাট বেলুনে করে নেমে এসে আইপিএলের ট্রফিটা তুলে দিলেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতারই অধিনায়ক গৌতম গম্ভীরের হাতে। নিজেদের অধিনায়কের হাতে আরেকবার ট্রফিটা দেখে স্বাগতিক শহরের দর্শকদের উন্মাদনা একটু বাড়ল বৈকী! এরপর মঞ্চে এলেন নয় অধিনায়ক। নয় অধিনায়ককে দেখে প্রবল উল্লাসধ্বনি শোনা গেল স্টেডিয়ামে। অধিনায়কদের এমসিসি ফেয়ার প্লে শপথ পাঠ করালেন সাবেক ভারতীয় অধিনায়ক, নির্বাচক ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। এরপরই মঞ্চে এলেন শাহরুখ খান। তার দলের শহরে হচ্ছে অনুষ্ঠান, তিনি সর্বশেষ টুর্নামেন্ট জয়ী দলের মালিক; ফলে বলিউড তারকার চেয়ে একটু বেশি অধিকার নিয়েই কথা বললেন তিনি। এমন জমজমাট একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ও আয়োজনের সহায়তার জন্য কলকাতার মানুষদের, পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে, বিসিসিআই প্রেসিডেন্ট, আইপিএল সিওও থেকে শুরু করে যুবভারতী কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ দিলেন শাহরুখ। তারপরই শুরু হয়ে গেল জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনরা মাতালেন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের তালে। আর অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে এলেন মার্কিন র্যাপার পিটবুল। সবশেষে শাহরুখেরও পারফরম্যান্স। আর পারফরম্যান্স শেষ করে আবার বলে দিলেন, ‘অনুষ্ঠান আজ শেষ নয়; শুরু মাত্র। অনুষ্ঠান চলবে টুর্নামেন্ট জুড়ে।’