তিনদিনব্যাপী চলচ্চিত্র উত্সব

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে যারা পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের মুখোশ উন্মোচিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র বড় ভূমিকা পালন করতে পারে। মন্ত্রী গতকাল বুধবার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র দিবসের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন। তিনি চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের উদ্দেশে বলেন, চলচ্চিত্রের মাধ্যমে দেশের কথা, সমাজের কথা ও অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির কথা তুলে ধরে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর নানা অপতত্পরতার জবাব দিতে হবে। গতকাল সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন ঘোষণা ও বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী। ব্যান্ড পার্টির তালে তালে র্যালি বিএফডিসি থেকে বের হয়ে সোনারগাঁও হোটেল হয়ে আবার বিএফডিসিতে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রয়োজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য সচিব হেদায়েতুল্ল¬াহ আল-মামুন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদসহ চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। মন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনই দেয় না, সেই সঙ্গে সত্য তুলে ধরে এবং সমাজের কুসংস্কার দূর করে জাতিকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তিনি বলেন, বর্তমান সরকার ভারতে যেন বাংলাদেশের চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয় সে উদ্যোগ সম্পন্ন করেছে। এতে শিগগিরই বাংলাদেশের ৮টি চলচ্চিত্র ভারতে প্রদর্শিত হতে যাচ্ছে। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে রাজধানীতে শুরু তিনদিনব্যাপী চলচ্চিত্র উত্সবে এফডিসি মেতে উঠেছে বর্ণিল আয়োজনে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের লক্ষ্যে ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব দেন। সেই দিনটিকে স্মরণ করে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করে সরকার। উত্সব উপলক্ষে গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে তিনদিনের চলচ্চিত্র মেলা। মেলায় থাকছে পুরানো দিনের স্মৃতিজাগানিয়া ক্যামেরা, পুরনো লেন্স, লাইট, নানা ধরনের বর্ণিল পোস্টারসহ এফডিসিতে ব্যবহূত নানা যন্ত্র ও সরঞ্জামাদি। একইসাথে দেখানো হবে পুরানো দিনের মনোমুগ্ধকর স্বর্ণালী সিনেমা। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, সভা ও সেমিনার। সুভ্যেনির প্রকাশ, বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, বেসরকারি চ্যানেলে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এ আয়োজন ছাড়াও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে যৌথভাবে আয়োজন করেছে তিনদিনব্যাপী চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী।