চেলসিতে মরিনহোকেই দেখতে চান দ্রগবা

দিদিয়ের দ্রগবা বলেছেন হোসে মরিনহোকে আবারো দেখা যেতে পারে চেলসির ম্যানেজারের ভূমিকায়। চেলসিকে দুই বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুললেও শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি কাঙ্ক্ষিত শিরোপার লক্ষ্যে। আর এই ব্যাপারটাই বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা মরিনহোকে আবারো চেলসির দায়িত্ব নিতে প্রলোভিত করতে পারে বলে জানিয়েছেন দ্রগবা। পোর্তোকে ইউরোপ সেরা ক্লাবের মর্যাদা এনে দেয়ার পরের বছরই নতুন চ্যালেঞ্জের খোঁজে মরিনহো ২০০৪ সালে চেলসিতে যোগ দেন মরিনহো। ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমেই ব্লুজদের এনে দেন লিগ শিরোপা। ১৯৫৪-৫৫ মৌসুমের পরে সেটি ছিল লিগে চেলসির প্রথম শিরোপা। এরপরে ২০০৬-০৭ মৌসুমে মরিনহো এই সাফল্যের পুনরাবৃত্তি করলেও চেলসি মালিক রোমান আব্রামোভিচের স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দিতে পারেননি তিনি। পোর্তোর পরে ইন্টার মিলানকেও ইউরোপ সেরার ট্রফি এনে দেয়া মরিনহো চেলসির হয়ে তার অসম্পূর্ণ কাজটি শেষ করতেই আবারো এখানে ফিরতে রাজি হতে পারেন বলে মনে করছেন দ্রগবা। চেলসির হয়ে আটটি মৌসুম কাটানোর পরে এ মৌসুমেই তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে নাম লেখানো এই আইভরিকোস্ট তারকা বিবিসিকে গত বুধবার এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার মনে হয় না চেলসির হয়ে তার কাজ শেষ হয়েছে। সে আসার পর থেকেই আমরা সাফল্য পেতে শুরু করি। দুর্দান্ত খেলে আমরা টানা দুটি লিগ শিরোপা জিতি। তবে সেখানে তিনি যে জিনিসটি জিততে পারেননি সেটা হলো চ্যাম্পিয়নস লিগ। এটি এমন একটি ব্যাপার যেটি হয়তো তাকে আবারো স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে উত্সাহিত করবে। কারণ এখানে তার কিছু কাজ বাকি রয়ে গেছে।’ মরিনহো ২০০৭ সালে চেলসির দায়িত্ব ছাড়ার পরে এখনো পর্যন্ত সাতবার ম্যানেজার পাল্টেছে চেলসি। বর্তমানে অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব পালন করা রাফায়েল বেনিতেজও সমর্থকদের চাপে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এ মৌসুম শেষেই চেলসি ছাড়ছেন তিনি। তাই শীঘ্রই আব্রামোভিচকে আবারো নতুন ম্যানেজারের সন্ধানে নামতে হচ্ছে। রিয়ালকে গত মৌসুমে লিগ শিরোপা জেতানো মরিনহোর সঙ্গে এই রুশ ধনকুবের সাক্ষাত্ করেছেন এমনটাও শোনা গেছে বেশ কয়েকবার। দ্রগবাও মনে করছেন চেলসি ম্যানেজারের হট সিটে বসার জন্য মরিনহোই সবচেয়ে উপযুক্ত, ‘আমার মনে হয় মরিনহোকে ফিরিয়ে আনাই হবে ক্লাবের জন্য সেরা সিদ্ধান্ত। সমর্থকরাও সেটাই চাচ্ছে। সে চেলসিকে ভালবাসে। আপনি যদি একটা দলকে পুনর্গঠিত করতে চান এবং তাদেরকে আগের সেই শক্তিশালী অবস্থায় দেখতে চান,তাহলে সেই হতে পারে সঠিক ব্যক্তি। সে একজন চ্যাম্পিয়ন এবং খেলোয়াড়দের সাথে তার যোগাযোগ ভাল। সে ইন্টারে গিয়েছিল এবং এখন রিয়ালে আছে। তবুও সে চেলসির ব্যাপারে ভাবছে। বোঝাই যায় ক্লাবটাকে(চেলসি) সে ভালবাসে।’