কামারুজ্জামানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষ গতকাল প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। কামারুজ্জামানের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যের বৈপরিত্য বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। গত ৩১ মার্চ প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন শেষ করেছেন। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে প্রয়োজনে তার জবাব দিবেন প্রসিকিউশন।