নতুন ব্রাউজার ইঞ্জিন তৈরি করছে মজিলা-স্যামসাং

একটা সময় পর্যন্ত ওয়েব ব্রাউজার হিসেবে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ইন্টারনেট এক্সপ্লোরার। পরে মজিলা ফাউন্ডেশন তৈরি করে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরারের পরই এটি স্থান দখল করে নেয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। পরে অবশ্য গুগল তাদের ক্রোম ব্রাউজার তৈরি করলে ফায়ারফক্সের ব্যবহারকারী কমতে থাকে। একটা সময় ক্রোম দখল করে নেয় ব্রাউজারে দ্বিতীয় স্থান। ফলে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফায়ারফক্সকে। তবে এরপরেও ফায়ারফক্স নির্মাতা মজিলা ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে তাদের ব্রাউজারে নতুন নতুন সব সুবিধা যুক্ত করতে এবং এর মাধ্যমে তাদের দিকে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে। এরই ধারাবাহিকতায় এবারে স্যামাসংয়ের সাথে জোট বেঁধেছে মজিলা। নতুন প্রজন্মের ব্রাউজার ইঞ্জিন তৈরি করার জন্য কাজ করছে এই দুই প্রতিষ্ঠান। তারা যে ব্রাউজার ইঞ্জিন তৈরি নিয়ে কাজ করছে, তার নাম দেওয়া হয়েছে ‘সারভো’। সময়ের সাথে সাথে কম্পিউটিং ডিভাইসে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন স্মার্টফোন, ট্যাবলেট পিসি রাজত্ব করছে বিশ্বজুড়ে। কম্পিউটারের প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশেও ক্রমাগত নতুন নতুন হার্ডওয়্যার আসছেই। নতুন এসব হার্ডওয়্যারের সাথে সঙ্গতি রেখেই আধুনিক একটি ওয়েব ব্রাউজার তৈরি করতেই সারভো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে মজিলা। মজিলা এবং এর কমিউনিটির ডেভেলপ করা ‘রাস্ট’ নামের একটি ল্যাংগুয়েজে লেখা হচ্ছে সারভো। এ প্রসঙ্গে মজিলার চিফ টেকনোলজি অফিসার ব্রেন্ডান এরিখ জানিয়েছেন, ‘আগামী দিনের দ্রুততর মাল্টি-কোর, হেটারোজেনাস কম্পিউটিং আর্কিটেকচারের সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।’ মজিলার প্রকৌশলীরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ছাড়াও মজিলার নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস-এর সাথেও চমত্কারভাবে কাজ করতে পারবে এই নতুন ব্রাউজার ইঞ্জিন। এর জন্য অবশ্য স্যামসাংয়ের কাছ থেকেও যথেষ্ট সহায়তা পাচ্ছে মজিলা। হার্ডওয়্যারের সব ধরনের সমর্থন দিয়ে স্যামসাং অনেকটাই এগিয়ে দিচ্ছে সারভো তৈরির কাজ।