ডাব্লিউএসআইএস ফোরামের বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ

আগামী ১৩ থেকে ১৭ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) ফোরামের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ। এ বিষয়ে একটি কান্ট্রি রিপোর্ট প্রস্তুত ও বৈঠকের করণীয় নির্ধারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৩ এপ্রিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কনফারেন্স কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। সভায় ২০১২ সালে জেনেভায় অনুষ্ঠিত ডাব্লিউএসআইএস ফোরামের সভায় গৃহীত ১১টি অ্যাকশন লাইনের আলোকে এ বছরের বৈঠকে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অর্জন বিশ্ববাসীকে জানানের জন্য সম্মেলন চলাকালে বাংলাদেশের সাফল্য নিয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইসিটি মন্ত্রণালয়, বিসিসিসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।