সিলেটে ই-বাণিজ্য মেলা শুরু

ঢাকার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে গতকাল সিলেটে শুরু হয়েছে দেশের দ্বিতীয় ই-বাণিজ্য মেলা ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগান নিয়ে আয়োজিত এ মেলা সিলেট স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও সিলেট বিভাগীয় কমিশনারের পৃষ্ঠপোষকতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ‘সিলেট ই-বাণিজ্য মেলা ২০১৩ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা’-এর আয়োজক সিলেট জেলা প্রশাসন ও মাসিক কমপিউটার জগত্। গতকাল সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশের সকল বিভাগীয় শহরে এই মেলা আয়োজনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় সিলেটে এই মেলা আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে এসএসএল কমার্জ, ই-সুফিয়ানা, কমজগত্ টেকনোলজিস, এখনি ডটকম, বগুড়ার দই, রূপকথার জামদানি, জেডকাইট৯, ওঅনলাইনশপ, অ্যাট২ক্লিকস, বিডিহাটসহ সরকারি-বেসরকারি ৩০টিরও বেশি প্রতিষ্ঠান। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় রয়েছে হ্রাসকৃত মূল্যে বিভিন্ন পণ্য কেনার সুযোগ।