ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত

গত বুধবার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি চ্যান্সেলরের পক্ষ থেকে স্প্রি ২০১১, ফল ২০১১, স্প্রিং ২০১২ সেমিস্টারের শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি প্রদান করেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এ এ কামরুজ্জামানসহ বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক স্বল্প সময়ের মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউএপি অত্যন্ত গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবর্তনের বক্তা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান স্নাতকদের উদ্দেশে বলেন, সত্ ও সুনাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব আরোপ করে বলেন, দক্ষতা বাড়াতে হবে এবং নতুন কিছু শেখার ও জানার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের লক্ষ্য দেশে শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ইউএপি-এর লক্ষ্য অর্জনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে আটটি বিভাগের ১৪৩৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেন, এদের মধ্যে অভাবনীয় ফলাফল ও সাফল্যের জন্য তিন জন শিক্ষার্থী চ্যান্সেলরের স্বর্ণপদক ও এগারো জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করে। -প্রেস বিজ্ঞপ্তি