এডিবির সঙ্গে দেড় হাজার কোটি টাকার ঋণ চুক্তি

বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের নকশা প্রণয়নে বাংলাদেশকে দেড় হাজার কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবি’র পক্ষে সংস্থাটির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি স্টিফান একলান্ড চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জানানো হয়, বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন ও বিতরণ দক্ষতার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুত্ খাতের সংস্থাগুলোর সামর্থ্য বৃদ্ধির একটি প্রকল্পে ১৮ কোটি ৫০ লাখ ডলার বা এক হাজার ৪৮০ কোটি টাকা ঋণ দেবে এডিবি। ‘পাওয়ার সিস্টেম এক্সপানশন অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণ দেয়া হবে। একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণে নকশা প্রণয়ন করতে আরো ১ কোটি ডলার বা ৮০ কোটি টাকার আরেকটি ঋণ চুক্তি সম্পাদিত হয়। এ সময় জানানো হয়, এশীয় ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে এ ঋণ সরবরাহ করা হবে। ৮ বছরের রেয়াতকালসহ ৩২ বছরে বাংলাদেশকে এ অর্থ পরিশোধ করতে পারবে। রেয়াতকালে বার্ষিক সুদের হার এক শতাংশ। এছাড়া পরবর্তীতে সুদের হার হবে দেড় শতাংশ। এডিবির এ অর্থ এক্সপ্রেসওয়ের নকশা প্রণয়ন, নিরাপত্তার বিষয়ে কারিগরি সহায়তা দেয়া হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এ প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদফতর বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে আরো জানানো হয়, বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়নে নেয়া কর্মসূচিটি ১০ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এ কর্মসূচির জন্য এডিবি মোট ঋণ দেবে ৭০ কোটি ডলার। এর মধ্যে বুধবার ১৮ কোটি ৫০ লাখ ডলারের ঋণ চুক্তি হয়েছে।