চীনের প্রতি বাণিজ্য ঘাটতি কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২২:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রতি দু’দেশের মধ্যেকার বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ‘বিশেষ করে বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, জ্বালানি ও বিদ্যুত্, ওষুধ, যোগাযোগ এবং অবকাঠামো খাতে চীনের বড় ধরনের বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানাবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগ দু’দেশের বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে। চীনের রাষ্ট্রদূত লী জান গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিং-এ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত বাংলাদেশে চীনের সাহায়তায় গভীর সমুদ্রবন্দর ও কয়েকটি সেতু নির্মাণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের আগ্রহের কথা অবহিত করেন। শেখ হাসিনা চীনের উদ্যোক্তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে এব্যাপারে তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ সহজতর করতে চীন ও হংকংয়ের ভিসা ব্যবস্থা সহজ করার অনুরোধ জানান। লী জান তার দেশের প্রেসিডেন্টের পক্ষে চলতি বছরের জুন মাসে কুনমিংয়ে প্রথম ‘চীন-দক্ষিণ এশিয়া এক্সপো যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি চীনের নতুন নেতার সংগে সাক্ষাত্ করতে খুবই আগ্রহী।