অধরা জয়ের সন্ধানে স্কোলারি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আজ শনিবার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রতিবেশী বলিভিয়ার মুখোমুখি হচ্ছে। ১৪ বছরের বালক কেলভিন বেলট্রানের স্মরণে ফিফার আন্তর্জাতিক সূচির বাইরে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলট্রান গত ফেব্রুয়ারি মাসে ফুটবল মাঠে সৃষ্ট দাঙ্গায় প্রাণ হারান। ব্রাজিল কোচ স্কোলারি এর আগে জাতীয় দলকে বিশ্বকাপ জেতালেও এ দফায় দায়িত্ব নিয়ে তিনি এখনো জয়ের দেখা পাননি। তাই এ খেলাটিতেও তার প্রধান লক্ষ্য হবে অধরা জয়ের সন্ধান করা। সেজন্যই হয়তো মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে সাবেক তারকা রোনালদিনহো ও পাতোকে দলে রেখেছেন তিনি। ফিফার সূচির বাইরে থাকার কারণেই হয়তো ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কোলারি এই ম্যাচ খেলার জন্য দলের মূল তারকাদের ডাকেননি। এসব তারকাদের অনেকেই ক্লাব পর্যায়ে খেলার জন্য এখন অবস্থান করছেন ইউরোপের বিভিন্ন দেশে। স্বাভাবিকভাবেই স্কোলারি দল সাজাবেন ঘরোয়া ফুটবলের খেলোয়াড়দের নিয়ে। এ জন্য তিনি অনূর্ধ্ব ২০ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে রেখেছেন বলিভিয়ার বিরুদ্ধে খেলার জন্য। সাও পাওলোর স্ট্রাইকার ওসভালদোর অনেকটাই নিশ্চিত এ ম্যাচে খেলাটা। ইতালি এবং রাশিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার জন্য তাকে দলভুক্ত করেন স্কোলারি। কিন্তু দুটি ম্যাচের কোনটাতেই মাঠে নামা হয়নি তার। বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরায় অনুষ্ঠেয় এ ম্যাচে অতীত রেকর্ড হিসাব করলে এগিয়ে থাকবে স্বাগতিকরাই। কারণ নিজেদের মাটিতে কখনোই ব্রাজিলের কাছে হারেনি তারা। ২০০৯ সালে সর্বশেষ দেখায় তারা ব্রাজিলকে হারায় ২-১ গোলে। ১৯৯৭ সালে কোপা আমেরিকার ফাইনালে ৩-১ গোলে হারের পরে ব্রাজিলের কাছে কখনোই হারেনি তারা। স্বাগতিকদের প্রেরণা যোগাবে দেশের মাটিতে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দিন কয়েক আগেই শক্তিশালী আর্জেন্টিনাকে তারা রুখে দিয়েছে ১-১ গোলে। কোপা লিবার্তোদেস কাপের একটি ম্যাচে সৃষ্ট দাঙ্গায় গত ফেব্রুয়ারিতে প্রাণ হারান বেলট্রান। এ ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দেয়া হবে বেলট্রানের পরিবারকে। ব্রাজিল দলও তাদের গেট মানি হিসাবে যে টাকা পাবে সেটা বেলট্রানের স্বজনদের দিয়ে দেয়ার কথা জানিয়েছে।