আইপিএলে গেইলের তাণ্ডব শুরু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
ক্রিস গেইলের আরেকটি অসাধারণ ইনিংসের পাশাপাশি খেলার শেষ ওভারে বিনয় কুমারের দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেইল ও বেঙ্গালুরুর শুভ সূচনা হলো।
বিশ্বের সবচাইতে অর্থকরী এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজকের দুটি ম্যাচে লড়বে দিল্লী ডেয়ারডেভিলস-রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে গত বৃহস্পতিবার গেইলের আইপিএল পরিসংখ্যান ছিল ৫০ গড়ে ৪৩ ম্যাচে ১৮০৪ রান। স্ট্রাইক রেট ১৬১.৭৯। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সবচেয়ে ভীতিকর ব্যাটসম্যান হিসাবে তাকে এরই মধ্যে মেনে নিয়েছেন প্রায় সবাই। দুর্দান্ত আগ্রাসনের পাশাপাশি অসাধারণ ধারাবাহিকতা।
গেইল আইপিএলের ষষ্ঠ আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেও এই আগ্রাসন অব্যাহত রাখেন। অন্য ব্যাটসম্যানরা যখন পুরোপুরি ব্যর্থ সেই সময়ে গেইলের আরেকটি অসাধারণ ইনিংসে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠ চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ২০ ওভারে ১৫৬ রান তোলে। ওপেনিংয়ে নামা গেইল ৫৮ বলে ৯২ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১ টি চার এবং পাঁচটি ছয়ের মার। তার সতীর্থদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৪ রানের!
মুম্বাইর হয়ে রান তাড়ায় নামেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৫২ রান। এরপর টেন্ডুলকার ফিরে গেলেও ছোট ছোট কয়েকটি জুটিতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল পন্টিংয়ের নেতৃত্বাধীন দলটি। শেষ ওভারে গিয়েও মনে হয়নি মুম্বাই এই ম্যাচ হারতে পারে। তবে স্নায়ুর চাপ এড়াতে পারা বিনয় কুমার শেষ ওভারে দুইটি উইকেট তুলে নেয়ার পাশাপাশি দেন মাত্র সাত রান। ফলে জয় থেকে দুই রান দূরে থাকতে ১৫৪-তে থেমে যায় মুম্বাই। পন্টিং ম্যাচের নাটকীয়তার দিকে ইঙ্গিত করে পরে মজা করে বলেন, ‘মনে হয় আঙ্গুলের বেশিরভাগ নখই আমি খেয়ে ফেলব! আমি হতাশ না জিততে পেরে। আমাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখতে হবে।’ অপরদিকে গেইলের প্রশংসায় পঞ্চমুখ কোহলি বলেন, ‘ক্রিস দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি জানতাম ১৫৬ যথেষ্ট রান।’ আইপিএলে আজকের দুটি ম্যাচের প্রথমটিতে দিল্লীতে স্বাগতিকরা আতিথেয়তা দেবে প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থানকে। প্রথম ম্যাচে হারা দিল্লী ঘরের মাঠে খেলার সুবিধা নিতে চাইবে রাহুল দ্রাবিড়ের দলের বিরুদ্ধে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র ধোনির দল মুখোমুখি হবে মুম্বাইর।
আজকের খেলা:দিল্লী ডেয়ারডেভিলস-রাজস্থান রয়্যালস
চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স