পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি
দুদকের দুই সদস্যের তদন্ত দল যাচ্ছে কানাডায়
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫১
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলার তদন্তের জন্য আগামী সপ্তাহে কানাডা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এ ব্যাপারে ইতিমধ্যে কমিশন থেকে জিও (গভর্নমেন্ট অর্ডার) ইস্যু করা হয়েছে। দুই সদস্যের এই দলে রয়েছেন দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক এবং পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল আলম। চলতি মাসের ৯ তারিখ দলটি কানাডা যাবে এবং ১৮ তারিখ তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। দুদকের দায়িত্বশীল সূত্রে এ খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে দুদক চেয়ারম্যান গোলাম রহমান ইত্তেফাককে বলেন, দুদক কানাডার রয়েল মাউন্টেড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ, বিদেশি তিন আসামিকে জিজ্ঞাসাবাদ এবং এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরির অনুলিপি সংগ্রহ করার চেষ্টা করছে। এ কারণেই সেখানে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে যত দ্রুত সম্ভব এই দলটি কানাডায় যাবে।
এদিকে দুদকের পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ী ‘ঘুষ কাদেরকে দিতে হবে’ সে তালিকা কানাডা পুলিশের হাতে রয়েছে। মূলত এই তালিকার বিষয়ে তথ্য নিতেই দুদক তদন্ত দল কানাডায় যাচ্ছে। কানাডা থেকে আসার পরই দুদক এ বিষয়ে একটি চার্জশিট (অভিযোগপত্র) আদালতে জমা দেবে।
দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, তদন্ত দলে আনিসুল হক থাকবেন আইনী পরামর্শক হিসাবে। আর দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম থাকবেন তদন্তকারী কর্মকর্তা হিসাবে। ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত কানাডার আদালতে পদ্মাসেতু দুর্নীতি মামলার শুনানি চলবে।
দুদক সূত্র জানায়, পদ্মা সেতু দুর্নীতি মামলার পুরো বিষয়টি এখন নির্ভর করছে কানাডায় সংরক্ষিত দালিলিক প্রমাণের ওপর। আর সেজন্য কমিশন তা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। দুদকের তদন্ত দল আশা করছে, চলতি মাসেই তারা পদ্মা দুর্নীতির বিষয়ে একটি উপসংহারে আসতে পারবেন।