উত্তরায় বিটিভি’র অনুষ্ঠান পরিকল্পনাকারী খুনের ঘটনায় গ্রেফতার ৭

রাজধানীর উত্তরায় বিটিভি’র বহিরাগত অনুষ্ঠান পরিকল্পনাকারী শহীদুল ইসলাম খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন রায়হান ওরফে রোহান, লিটু আনাম ওরফে লিটন, আসলাম উদ্দিন, আমান উল্লাহ, মাহাবুবা আক্তার তৃষা, আবির হোসাইন বাধন ও তোফাজ্জল হোসেন। গত ১ এপ্রিল উত্তরার ১০ নং সেক্টরের ১২ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়িতে মিডিয়া ভিশন প্রতিষ্ঠানে শহীদুল ইসলাম খুন হন। গতকাল গ্রেফতারকৃতদের র্যাব সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে শহীদুল ইসলামকে খুন করা হয়। র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান জানান, নারীঘটিত কারণে শহীদুলকে খুন করে ঘাতকরা। মিডিয়া ভিশন প্রতিষ্ঠানে আসা অনেক মেয়ের সঙ্গে শহীদুলের অনৈতিক সম্পর্ক ছিল। অনেক সময় মেয়েদের সামনেই রোহান ও লিটনকে নির্যাতন করতেন। রোহান ও লিটন ঐ প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। এসব ঘটনায় রোহান ও লিটন পরিকল্পনা করে শহীদুলকে খুন করার। ঘটনার দিন শহীদুলের অফিসে রোহান, লিটন, তৃষাসহ আরো কয়েকজন প্রবেশ করে। রোহান শহীদুলের মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে। লিটন শহীদুলের মুখ চেপে ধরে স্কচটেপ দিয়ে মুখ আটকে দেয়। এরপর রোহান তার মাথায় কাঁচের বোতল ও পরে গ্লাস দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। লিটন দড়ি দিয়ে শহীদুলের এক হাত চেয়ারের সাথে বাঁধে এবং অন্য হাত উরুর সাথে বাঁধে। রোহান ক্ষুর দিয়ে শহীদুলের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় তৃষা ও বাধন উপস্থিত ছিলেন। লিটন শহীদুল ইসলামের এটিএম কার্ডের গোপন নম্বরসমূহ কৌশলে সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পর লিটন শহীদুলের এটিএম কার্ড ব্যবহার করে ৮০ হাজার টাকা উত্তোলন করে।