সুইং বোলারদের উন্নতি চান ওয়াসিম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:১৮
কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম পাকিস্তানি বোলারদের উদ্দেশ্যে বলেন, ক্রিকেটে জয় পেতে হলে অবশ্যই তাদের সুইং বোলিংয়ে আরও উন্নতি আনতে হবে। গুরুত্বপূর্ণ একটি অনুশীলন ক্যাম্প পরিচালনাকালে প্রকৃতিগতভাবে দেশের মেধাবী ফাস্ট বোলারদের পর্যবেক্ষণকালে তিনি একথা বলেন।
ক্যাম্প উদ্বোধনকালে ওয়াসিম আকরাম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমদের ফাস্ট বোলারদের পারফরমেন্স দেখে আমি হতাশ হয়েছি। সুতরাং আন্তর্জাতিক পর্যায়ে ভাল পারফরমেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুইং বোলিং কিভাবে করতে হয় আমি সেটা শেখানোর চেষ্টা করবো।’ সুইং বোলিংয়ের ‘সুলতান’ হিসেবে খ্যাত ৪৬ বছর বয়সী বা-হাতি পেসার আকরাম আগামী ২০ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত করাচির একটি ক্যাম্পে বর্তমানের প্রায় ১৫ জন এবং আগামী দিনের ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দেবেন। চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান দলের পেসাররা ভালো করতে না পারায় ইংল্যান্ডে অনুষ্ঠেয় আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ওয়াসিম এ ক্যাম্প পরিচালনা করছেন। শীর্ষ পেসার উমর গুল দুই টেস্টে মাত্র ৫ উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদেহী মোহাম্মদ ইরফান দুই টেস্টে পেয়েছে দুই উইকেট। পাকিস্তান পেসারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তরুণ পেসার রাহাত আলী। অভিষেক ম্যাচে উইকেট শূন্য থাকার পর দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ওয়াসিম বলেন, ‘কেউ যদি ভাল ফাস্ট বোলার হতে চায় তাহলে তাকে সূর্য ও তাপে পুড়ে দগ্ধ হতে হবে। যদি সেটা করতে পারে তাহলে সে একজন ভাল বোলার হতে পারবে এবং শেখার জন্য এটা একটা চলমান প্রক্রিয়া।’ ওয়াসিম বলেন, বিশ্বের সবচেয়ে লম্বা (৭ ফুট ১ ইঞ্চি) ক্রিকেটার ইরফানকে তার ফিটনেস ঠিক রাখতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। টেস্ট ক্রিকেটে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট শিকারী আকরাম বলেন, ‘সে যদি নিজকে ফিট রাখতে পারে তাহলে সে আরো ৩/৪ বছর খেলতে পারবে।’